বান্দরবানে সামাজিক বনায়ন ঠেকাতে আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সামাজিক বনায়ন ও বন সম্প্রসারণ প্রকল্প প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের (এমএলএফপি-সিএইচটি) বান্দরবানে আয়োজিত কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়। বন বিভাগের সংরক্ষিত বনভূমিতে এই প্রকল্পকে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস ও আদিবাসী উচ্ছেদের ষড়যন্ত্র আখ্যায়িত করে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান বীর বাহাদুর আলীকদমে যে সামাজিক বনায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন, সেখানেই সমাবেশ করে প্রতিহত করার আন্দোলন শুরু করা হবে। উজানিপাড়া ম্রোচেট সম্মেলন কক্ষে এমএলএফপি দিনব্যাপী ‘আদিবাসীদের ভূমি ব্যবহার ও পার্বত্য ভূমি কমিশনের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এমএলএফপি বান্দরবান জেলা শাখার সভাপতি জুয়ামলিয়াম আমলাই বম। আরও বক্তব্য দেন রুমা উপজেলা চেয়ারম্যান অংথেয়ায়াইচিং মারমা, দেন্দোহা জলাই ত্রিপুরা, খুমি সম্প্রদায়ের নেতা লেলুং খুমী, নারী উন্নয়নকর্মী টিংটিংম্যা মারমা প্রমুখ। কর্মশালায় পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ও সমাজকর্মীরা অংশ নেন। কর্মশালায় এমএলএফপির নেতারা বলেন, তিন পার্বত্য জেলার (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) এক-চতুর্থাংশ বা সাত লাখ ৯৬ হাজার একর ভূমি বন বিভাগের আওতায় কাগজে-কলমে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। কিন্তু বাস্তবে সাঙ্গু. মাতামুহুরীসহ কয়েকটি দুর্গম এলাকায় কিছু সংরক্ষিত প্রাকৃতিক বনভূমি ছাড়া কোথাও বন নেই। বর্তমানে ওই সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করে বাণিজ্যিকভাবে করার জন্য বন বিভাগ ‘পার্বত্য চট্টগ্রামের জনগণের অংশগ্রহণে সামাজিক বনায়ন ও বন সম্প্রসারণ প্রকল্প’ নামে তথাকথিত একটি প্রকল্প হাতে নিয়েছে। তাঁরা বলেন, ওই প্রকল্প কীভাবে, কোন আইনের ভিত্তিতে বাস্তবায়ন হবে, এখনো নির্ধারিত না হওয়া সত্ত্বেও পাচউবো চেয়ারম্যান বীর বাহাদুর অতি উত্সাহী হয়ে আলীকদম উপজেলায় তা উদ্বোধন করেন। প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস ও মামলা-হামলা করে আদিবাসীদের উচ্ছেদ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কর্মশালা শেষে এমএলএফপির জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই সামাজিক বনায়ন প্রকল্প প্রতিহত করার ঘোষণা দেন। তিনি বলেন, দেশের এবং আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য এমএলএফপি যেকোনো উপায়ে হোক এ প্রকল্প প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, শুধু আদিবাসীদের ভূমি দখল ছাড়া এযাবত্ বন বিভাগের বনায়ন প্রকল্পের একটিও সফল হয়নি।