বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছোটন মল্লিকের মৃত্যু
বান্দরবানে ছাত্র-লীগের হামলার শিকার স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছোটন মল্লিক গতকাল শুক্রবার সকালে মারা যান। চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ২৭ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।ছোটনের বাবা সুনীল মল্লিক জানান, ছাত্রলীগ শুধু ছোটনকে হত্যা করেনি, তাঁদের পরিবারকেও সর্বহারা করেছে। প্রায় এক মাস ব্যয়বহুল চিকিৎসা করতে সহায়-সম্বল আর কিছুই অবশিষ্ট নেই। ছোটনের স্ত্রী ও দেড় মাসের শিশুসন্তান কোথায় গিয়ে দাঁড়াবে, বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।গত ১৬ ফেব্রুয়ারি মুঠোফোন নিয়ে তুচ্ছ ঘটনায় জেলা শহরের কিয়াঙের মোড়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছোটন মল্লিক সেখানে ঘটনার খোঁজ নিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে হাতুড়ি ও লোহার রড নিয়ে নির্মমভাবে পেটায়। ছোটনের বড় ভাই রতন মল্লিক জানান, হামলার ঘটনায় ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। পুলিশ এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। সাদ্দাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করলেও পুলিশের দুর্বল প্রতিবেদনের কারণে তিনিও আদালত থেকে জামিন পেয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানার এসআই ফরিদ উদ্দিন ভূঁইয়া এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তবে ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আসামিরা সবাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।