বান্দরবানে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে অপহরণ ও হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১১ মার্চ রোয়াংছড়ি উপজেলার সাইঙ্গা দানেশপাড়া এলাকার পাহাড়ে গরু চরাতে গেলে নূরুল কবীর নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ৩২ হাজার ৫০০ টাকা মুক্তিপণ আদায় করে। পরে নূরুল কবীরকে ত্রিশটিলা পাহাড়ের জঙ্গলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নূরুল কবীরের বড় ভাই নূরুল আলম মামলা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি মহিউদ্দিন বলেন, আদালত মামলার আসামি উবাচিং মারমা (২১), সাচিং মং মারমা (২৬), মোহাম্মদ রেজাউল করিম (২৯), মংহা¬চিং মারমা (২৭), উমাপ্রু ওরফে উমংপ্রু (২২) ও উক্যহ্লা মারমাকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, তা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামিদের মধ্যে উক্যহ্লা মারমা পলাতক। মামলার অন্য আসামি পাইক্ষ্যংপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) উচামং মারমাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।