বান্দরবানে হাতির আক্রমণে এক রাতে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দুটি স্থানে গত বুধবার রাতে বুনো হাতির আক্রমণে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাইশারি ইউনিয়নের নারিশবুনিয়া নতুন চাকপাড়ায় একটি হাতি রাত আটটার দিকে আক্রমণ করে। হাতিটি আবুল কাশেমের বাঁশের ঘর ভেঙে সাজেদা বেগম (৩৫), কোহিনূর আক্তার (১০) ও রোজিনা আক্তারকে (৬) মেরে ফেলে।ঘটনার শিকার পরিবারের প্রধান আবুল কাশেম জানান, হাতিটি তাঁর মেয়ে কোহিনূর আক্তারকে শুঁড় দিয়ে আছড়ে হত্যার পর স্ত্রী সাজেদা বেগম ও রোজিনাকে পায়ে পিষ্ট করে। হাতির আক্রমণ থেকে তিনি ও তাঁর বড় ছেলে আবু হোসেন পালিয়ে জীবন রক্ষা করেন। তবে তাঁরা দুজনও আহত হয়েছেন।পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিন জানান, আবুল কাশেমের বাড়ির তিনজনকে হত্যার পরও হাতিটি পাড়া ছেড়ে যায়নি। লোকজন মশাল জ্বালিয়ে ও ঢোল বাজিয়ে তাড়া করলে রাত সাড়ে ১২টার দিকে হাতিটি পাড়া ছেড়ে চলে যায়।এদিকে একই রাত একটার দিকে উপজেলার আষাঢ়তলীর ভালুকমারাপাড়ায় একপাল বন্য হাতি ঢুকে পড়ে। পাড়ার লোকজন আঁচ করতে পেরে পালিয়ে গেলেও হাতির পাল আলী হোসেনের তিন বছর বয়সী ছেলে ওমান হোসেনকে পিষিয়ে হত্যা করে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম সোহেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ক্ষুব্ধ হাতির আক্রমণে বিকৃত লাশগুলো উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর অনুরোধে দাফনের জন্য লাশগুলো পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সরকারিভাবে আরও সহযোগিতার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।