বান্দরবানে হাতির আক্রমণে একজন নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গত শনিবার রাতে বন্য হাতির আক্রমণে একজন নিহত ও এক শিশু আহত হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আদর্শ গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে একটি বন্য হাতি ঢুকে পড়ে। তখন ভয়ে পালানোর সময় আলী আহমদ (৩৫) ও তাঁর সন্তান আবদুল হক (৫) হাতির সামনে পড়ে যান। হাতিটি আলী আহমদকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ফেলে। পরে মাটিতে ফেলে দাঁত দিয়ে খুঁচিয়ে ও পায়ে দলে তাঁকে হত্যা করে। আর আবদুল হককে শুঁড়ে পেঁচিয়ে পাশের কাদায় ছুড়ে মারে।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, পুলিশ ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলী আহমদের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্যচিং চাক বলেন, বহিরাগত ভূমিদস্যুরা বনভূমি উজাড় করায় ক্ষুুধার্ত হাতিরা এখন খাদ্যের জন্য প্রতিনিয়ত লোকালয়ে হামলা চালাচ্ছে।এর আগে গত ২২ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ির বাইশারিতে হাতির আক্রমণে তিন শিশু ও এক মহিলা নিহত হয়।