বান্দরবানে হাতির আক্রমণে শিশুসহ দুজন হতাহত
বান্দরবান সদর উজেলার সুয়ালক ও টংকাবতী ইউনিয়নের লোকজন বন্য হাতির আক্রমণে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে হাতির আক্রমণে ভাগ্যকুলে একশিশু আহত ও এর আগে গত সোমবার একজনের মৃত্যু হয়েছে। হাতির আক্রমণ থেকে লোকজনকে রক্ষার উপায় খুঁজতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাতিগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বন বিভিগের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তৌছিফুল বারি খান বলেন, বাসস্থান দখল হওয়া ও বনভূমি কমে যাওয়ায় হাতিরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে। এ জন্য ক্ষুধার্ত হাতির দল খাদ্যের জন্য লোকালয়ে আক্রমণ করছে। সুয়ালক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাংলাই ম্রো বলেছেন, চট্টগ্রামের পদুয়া সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হাতির পাল আসার পর সুয়ালকের কদুরখোলা, ভাগ্যকুল ও টংকাবতী এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। হাতির পালের আট-নয়টি হাতি লোকালয় ও ফসলের খেতে হামলাসহ লোকজনের ক্ষতি করছে।
ভাগ্যকুলের লোকজন জানিয়েছেন, বুধবার রাতেও ভাগ্যকুল গ্রামে হাতি ঢুকে পড়ে। সতর্ক থাকা লোকজন পালিয়ে আত্মরক্ষা করলেও শামসুল আলমের ছয় বছরের মেয়ে উর্মিকে হাতি ধরে ফেলে। পরে গ্রামবাসী আগুন ও ড্রাম বাজিয়ে এগিয়ে গেলে হাতি উর্মিকে ছেড়ে চলে যায়। উর্মির বাঁ হাত ভেঙে যায়। রাংলাই ম্রো বলেন, হাতির পালটি ১১টি বসতবাড়ি ভেঙে দিয়েছে এবং পাঁচটি গরু মেরে ফেলেছে। সুয়ালক ইউপি সদস্য শহীদুর রহমান বলেছেন, গত সোমবার কদুরখোলায় হাতির আক্রমণে শামছু নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রমণে পাঁচটি বসতবাড়ি বিধ্বস্ত ও একটি গরু মারা যায়।