বান্দরবানে হেলিকপ্টার ব্যবহার করে টিকাদান কর্মসূচি চালানো হবে
বান্দরবানে দুর্গম এলাকার ১১টি পয়েন্টে ১০ জানুয়ারি ১৮তম জাতীয় টিকাদান কর্মসূচিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। স্বাস্থ্যসেবার আওতার বাইরে থাকা দুর্গম পাড়াগ্রামের প্রায় তিন হাজার শিশুকে হেলিকপ্টার থেকে নেমে টিকা দেওয়া হবে।বান্দরবানের সিভিল সার্জন সরফরাজ খান গত বুধবার সাংবাদিকদের জানান, বান্দরবানে এমন কিছু দুর্গম এলাকা রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন। হাঁটা পথে সেখানে পৌঁছাতে দু-তিন দিন সময় লাগে। এ কারণে টিকাদান কর্মসূচির সময় সেখানে গিয়ে শিশুদের টিকা দেওয়া সম্ভব হয় না। ওই ১১টি জায়গায় শিশুদের টিকা দেওয়ার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দেবে। জায়গাগুলো হচ্ছে থানচি উপজেলার বড় মদক, ছোট মদক, তিন্দুমুখ, ইয়াংরাই, জিন্নাহপাড়া, রুমায় বাকলাই পাড়া, রাইংক্ষ্যং, আলীকদমে পুয়ামুড়ি, ক্রোকপাতাঝিড়ি, বোলাইপাড়া ও রোয়াংছড়ির মহেন্দ্রপাড়া।স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বান্দরবানের সাতটি উপজেলায় এবার ৭৯৯টি টিকাদান কেন্দ্রে ৬১ হাজার ৪৩৩ জন শিশুকে পোলিও টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া অতিরিক্ত আরও ২৯টি কেন্দ্র স্থানীয় বাস্তবতায় প্রয়োজনের ভিত্তিতে খোলা রাখা হবে এবং ২৪টি ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিকভাবে কাজ করবে।