বান্দরবানে ১০ আদিবাসীকে আটক করেছে সেনাবাহিনী
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চল থেকে সেনাবাহিনীর সদস্যরা গতকাল রোববার হত্যা ও অস্ত্র রাখার অভিযোগে ১০ জন ম্রো আদিবাসীকে আটক করেছেন।আলীকদমের স্থানীয় ব্যক্তিরা জানান, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দক্ষিণে মিয়ানমারের সীমান্তসংলগ্ন ক্রোকপাতা ঝিড়ির মেনসিংপাড়ায় কথিত ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) নেতা-কর্মীরা থাকতেন। গত শুক্রবার সেখানে চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে তাঁদের দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দলীয় প্রধান মেনরুম ম্রোকে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গুম করে। আলীকদম সেনা জোনের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সেনাবাহিনীর একটি দল মেনসিংপাড়ায় তল্লাশি চালিয়ে একটি গাদা পিস্তল, তিনটি গাদা বন্দুক, বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর পরিত্যক্ত চার সেট পোশাক (ইউনিফরম), মিয়ানমার ও বাংলাদেশের কিছু ওষুধপত্র ও ল্যাপটপসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেননি। ২০০৮ সালে কম্পিউটার প্রযুক্তিবিদ মেনরুম ম্রোর নেতৃত্বে ম্রো আদিবাসী তরুণদের একটি দল শিক্ষা-সংস্কৃতি উন্নয়নে সচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলনের ডাক দেয়। তাঁরা অশিক্ষিত দুর্গম ম্রোপাড়া গ্রামে ঘুরে প্রচারণা চালাতে থাকেন। গত মাসের প্রথম দিকে মেনরুম ম্রো মুঠোফোনে জানিয়েছেন, তাঁরা ম্রো সমাজের জন্য সচেতনতামূলক কাজ করলেও বিশেষ মহল তাঁদের ম্রো ন্যাশনাল পার্টি নাম দিয়েছে। প্রকৃতপক্ষে তাঁরা কোনো পার্টি বা দল নয়। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হোসাইন বলেছেন, তাঁরা ১০ জন আটক হওয়ার কথা শুনেছেন। কিন্তু সেনাবাহিনী তাঁদের কাছে কাউকে হস্তান্তর করেনি।