বান্দরবানে ৩৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন নওগাঁয় বিচার শুরু
বান্দরবানে থানচি উপজেলার বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলায় গতকাল রোববার ৩৫ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১১ জন বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। আজ সক্ষ্য নেওয়া হবে।এদিকে নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলার বিচার গতকাল রোববার সকালে শুরু হয়েছে। নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২তে বিচার কার্যক্রম শুরু হয়।জানা যায়, প্রায় ছয় মাস মুলতবি থাকার পর গতকাল সকাল ১০টায় চট্টগ্রামের বাইতুল ইজ্জতে রাইফেল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (আরটিসিএস) পুনর্গঠিত বিশেষ আদালত-১৬তে (আগের বিশেষ আদালত-৪) বিচারকাজ শুরু হয়।বিচারক প্যানেলের সভাপতি ছিলেন রাঙামাটি বিডিআর সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম। আসামিদের উপস্থিতিতে আদালতের সভাপতি কর্নেল বশিরুল বলেন, বিধি অনুযায়ী আসামিরা নিজেরাই আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ প্রমাণ করবেন। তাঁরা সবাই পরামর্শের জন্য আইনজীবী নিয়োগ করতে পারবেন।এরপর আদালতের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকারী বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল আলম আদালতে প্রত্যেক আসামির বিরুদ্ধে আলাদা অভিযোগ তুলে ধরেন। কৌঁসুলি রবিউল বলেন, পিলখানায় বিদ্রোহের খবর ছড়িয়ে পড়লে ১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক বিডিআর জওয়ানদের শান্ত থাকার নির্দেশ দেন। কিন্তু অধিনায়কের নির্দেশ অমান্য করে সুবেদার মেজর আবদুস সাত্তার বিডিআরদের ওপর সেনাবাহিনীর আক্রমণের গুজব ছড়িয়ে প্রথমে বিদ্রোহ করেন। তারপর জওয়ানেরা অভিযুক্ত এনসিওদের (নন কমিশন অফিসার) সহায়তায় ও নির্দেশে অস্ত্রাগার, গোলাবারুদের মজুদখানা লুটপাট করেন। শুধু তা-ই নয়, তাঁরা অধিনায়ককে ভয় দেখিয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র নেওয়ার আদেশেও সই নেন।আদালত অভিযোগ গঠন করেন এবং আসামিদের প্রত্যেককে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এ সময় ১১ জন আসামি দোষ স্বীকার করেন। অবশিষ্ট ২৪ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।১০ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে করা বিদ্রোহ মামলায় ২২ এপ্রিল বিচারকাজ শুরু হয়। ২৪ এপ্রিল অভিযোগ গ্রহণের পর আদালত মুলতবি ঘোষণা করা হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় ওই বছরের ৭ মে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করা হয়। এই মামলায় ২৩৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ওই ৩৫ জনও রয়েছেন।নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২তে তিন সদস্যের আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের কয়েকজন সদস্য এই ব্যাটালিয়নের অস্থায়ী কার্যালয় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরের অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র লুট করে ব্যাপক গুলিবর্ষণ করেন এবং বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখান।ওই ঘটনার পর নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাদী হয়ে ৪৬ রাইফেল ব্যাটালিয়নের জেসিও হারুনর রশীদসহ বিডিআরের ২১ জন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলা করেন। এই মামলায় তদন্ত শেষে গতকাল বিশেষ আদালতে বিডিআরের ১১ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থপান করা হয়। অভিযোগ উত্থাপন করেন ৪৬ রাইফেল ব্যাটালিয়নের (অব.) সুবেদার মেজর রফিক।যাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে তাঁরা হলেন: নায়েব সুবেদার হারুনর রশীদ, সুবেদার শাহ জামাল, ল্যান্স নায়েক ফকির ইলিয়াস ও সেপাই আলমগীর হোসেন, জাকারিয়া, সাকিন শাহ, হারুনর রশীদ, কামরুল ইসলাম, কামাল হোসেন, হূদয় আহমেদ ও নজরুল ইসলাম।নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও বিশেষ আদালতের কৌঁসুলি মেজর মঞ্জুর আজিজ জানান, বিচারক বিডিআরের ১১ সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে গতকালই অভিযোগের অনুলিপি আসামিদের সরবরাহের আদেশ দেন এবং মামলার কার্যক্রম এক দিনের জন্য মুলতবি ঘোষণা করেন। নওগাঁ জেলহাজত থেকে ওই ১১ আসামিকে আজ সোমবার সকাল ১০টায় আবার বিশেষ আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।