বান্দরবানে ৬৭ লাখ টাকা সঞ্চয় সংগ্রহ করে চার সংস্থা লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে দরিদ্র মানুষের ৬৭ লাখ টাকা নিয়ে চারটি বেসরকারি সংস্থা লাপাত্তা হয়ে গেছে৷ এ রকম আরও কয়েকটি সংস্থা যেকোনো মুহূর্তে উধাও হয়ে যেতে পারে বলে সঞ্চয়কারীরা আশঙ্কা প্রকাশ করছেন৷
ক্ষতিগ্রস্ত লোকজনের অভিযোগ, জেলা শহরে সংস্থাগুলো হস্তমজুতে সঞ্চয় সংগ্রহের নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, সমবায় অধিদপ্তর ও কোম্পানি আইনে নিবন্ধিত আল-আমিন ওয়েলফেয়ার সোসাইটি, অঙ্গন প্রোগ্রেসিভ সোসাইটি, সিয়াম বহুমুখী সমবায় সমিতি ও সিডিএস—এই চারটি সংস্থা গত মাসে লাপাত্তা হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থাগুলোর কর্মচারীরা স্বীকার করেছেন, আল-আমিন প্রায় ২৩ লাখ টাকা, অঙ্গন নয় লাখ, সিয়াম ৩৫ লাখ টাকা বস্তিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র মানুষের কাছ থেকে তুলে নিয়ে গেছে। চারটি সংস্থার কার্যালয়ে গিয়েই তালাবদ্ধ ও কর্মকর্তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
সঞ্চয়কারীদের অভিযোগ, জেলা শহরে জনসেবা, সোস্যালসহ আরও কয়েকটি সংস্থা এখনো হস্তমজুতে টাকা সংগ্রহ করছে। তারা লাখ লাখ টাকা মুখে মুখে সঞ্চয় সংগ্রহ ও ঋণ বিতরণ করলেও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের কাগজপত্র নেই।
বান্দরবান সদর উপজেলা সমবায় কার্যালয়ের জনসেবা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি হস্তমজুত সংস্থার িনরীক্ষাÿপ্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি প্রায় ২৫ লাখ টাকা সঞ্চয় সংগ্রহ ও কর্জ (ঋণ) বিতরণ করলেও ব্যাংক হিসাবে পাওয়া গেছে মাত্র ৫০০ টাকা। প্রতিষ্ঠানটির ব্যাংকে কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
জনসেবার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উল্লাহ মিলন হস্তমজুতের কথা স্বীকার করে বলেছেন, সঞ্চয় সংগ্রহ করে ঋণ বিতরণ করা হয় বলে ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করা হয় না।
সোস্যালের ব্যবস্থাপক মো. ইয়াসিনও বান্দরবানে কোনো ব্যাংক হিসাব না থাকার কথা স্বীকার করে বলেছেন, তাঁরা ১২ লাখ টাকা সঞ্চয় সংগ্রহ ও ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করেছেন।
কলাপাড়ার চিংবোয়াং প্রু মারমা, মেসাচিং, হ্রিঞোচিংসহ অনেকে আল-আমিনের কাছে সঞ্চয় দিয়েছেন। কিন্তু এখন সংস্থার কর্মকর্তা-কর্মচারী কাউকে খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম বলেন, জনসেবার বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিডিএস নামের একটি সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সংস্থা সম্পর্কে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।