বান্দরবানে ৮০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে গতকাল মঙ্গলবার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ৮০ হাজার লিটার চোলাই মদ আটক করা হয়েছে। অভিযানে পাঁচজনকে আটক করা হলেও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাংলা মদ তৈরির কারখানা রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে সকালে আজিজ নগরের চাম্বি মৌজার হেডম্যানপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মারমা আদিবাসী পাড়াটি বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ ঘেরাও করে রাখলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে অনেকের বাড়িতে বিপুল পরিমাণ চোলাই মদের মজুদ ও মদ তৈরির সরঞ্জাম পাওয়া যায়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেছেন, আজিজ নগরে চাম্বি হেডম্যানপাড়ার আদিবাসীরা দীর্ঘদিন ধরে মদ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা একসময় জুম চাষের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বহিরাগত দখলদারেরা নির্বিচারে ভূমি দখল করে নেওয়ায় তাদের এখন জুম চাষের কোনো জমি নেই। কোনো বিকল্প জীবিকা-ব্যবস্থা ছাড়া মদ তৈরি ও বিক্রি বন্ধ করে শতাধিক বছরের প্রাচীন পাড়াবাসীর কেউ টিকে থাকতে পারবে না। অভিযানের প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বড় আকারের ড্রাম, জারিকেনভর্তি হাজার হাজার লিটার চোলাই মদ পাওয়া যায়। কেউ কেউ মাটির ভেতর গর্ত করে লুকিয়ে রেখেছিল। এ সময় উবাশৈ মারমা, উশৈহ্লা, মংলুং, উথোয়াইয়ং ও অংথোয়াই মারমা নামে পাঁচজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী বান্দরবানের নির্বাহী হাকিম শামীম হোসেন অভিযানের কথা স্বীকার করে বলেছেন, সকাল থেকে চালানো অভিযানে পাড়ায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সবার ঘরে মদ ও মদের সরঞ্জাম পাওয়া গেছে। উদ্ধার করা মোট ৮০ হাজার লিটার মদ সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাঁচজনকে আটক করা হলেও মূল হোতাদের না পেয়ে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।