বান্দরবানে ৯ নারী কার্বারি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্বারি হিসেবে নিয়োগ পাওয়ার পর হেডম্যানকে উপঢৌকন দিচ্ছেন এই নারী। গতকাল এই নারীসহ নয়জন নারী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কার্বারি হিসেবে নিয়োগ পান l ছবি: প্রথম আলো
কার্বারি হিসেবে নিয়োগ পাওয়ার পর হেডম্যানকে উপঢৌকন দিচ্ছেন এই নারী। গতকাল এই নারীসহ নয়জন নারী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কার্বারি হিসেবে নিয়োগ পান l ছবি: প্রথম আলো

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) গতকাল মঙ্গলবার নয়জন নারী কার্বারি (পাড়াপ্রধান) নিয়োগ দিয়েছেন।
রোয়াংছড়ি উপজেলায় আগে দুজন নারী কার্বারি ছিলেন। তাঁদের মৃত্যুর পর এবার প্রথম একসঙ্গে নয়জন কার্বারি নিয়োগ দেওয়া হলো। বান্দরবান জেলার অন্য কোথাও আর নারী কার্বারি নেই।
জেলা শহরের উজানীপাড়ায় তারাছা মৌজার অস্থায়ী কার্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত নারী কার্বারিদের নিয়োগপত্র দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীনেত্রী ডনাইপ্রু নেলী, উন্নয়নকর্মী জিরকুং সাহু ও তারাছা মৌজার কার্বারিরা উপস্থিত ছিলেন।
বোমাং সার্কেলের (বোমাং রাজার এলাকা) ঐতিহ্য অনুযায়ী নারী কার্বারিরা নিয়োগপত্র নিতে আসার সময় হেডম্যানের জন্য মোরগ-মুরগি, জুমের সবজিসহ বিভিন্ন সামগ্রী উপঢৌকন হিসেবে নিয়ে আসেন। পরে তাঁরা নিয়োগপত্র গ্রহণ করেন।
নিয়োগপত্র পেয়ে বেক্ষ্যং নোয়াপাড়ার কার্বারি সামেপ্রু মারমা বলেন, কার্বারি হয়ে তিনি অত্যন্ত খুশি। সমাজে নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। এখন তাঁরা কার্বারি হিসেবে নিয়োগ পাওয়ায় সমাজে কেউ নারীদের মতামত উপেক্ষা করতে পারবে না।
হাংসামা পাড়ার কার্বারি শৈ ঞাং প্রু মারমা বলেন, তাঁদের পাড়ায় একজন পুরুষ কার্বারিও আছেন। তাঁরা পাড়ার শতাধিক পরিবারের শান্তিশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সামাজিক বিচার-আচারের কাজ করবেন। এতে নারীরা আর অবহেলার শিকার হবেন না।
নিয়োগপত্র দেওয়ার সময় তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নারী কার্বারি নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, পাহাড়ি সমাজে নারীরা ঘরে-বাইরে সবচেয়ে বেশি কাজ করেন। অথচ তাঁরাই সবচেয়ে ক্ষমতাহীন। পরিবারে ও সমাজে কোথাও সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ নেই। এ বিষয়টি বিবেচনায় রেখে কোনো কোনো পাড়ায় পুরুষ কার্বারি থাকা সত্ত্বেও তিনি নয়জন নারী কার্বারি নিয়োগ দিয়েছেন। ভবিষ্যতে আরও নারী কার্বারি নিয়োগ দেবেন।
নারীনেত্রী ডনাইপ্রু নেলী বলেন, তাঁদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে নারী অধিকার নিয়ে সচেতনতার মাত্রা অনেক বেড়েছে। নতুন প্রজন্মের হেডম্যান উনিহ্লার নারী কার্বারি নিয়োগের উদ্যোগ সেটিই প্রমাণ করে।