বান্দরবানে 'জাল ভোট' নিয়ে অভিযোগ
এখানে ভোটার কম, ঝামেলাও নেই। পাহাড়ে এ রকম শান্তিপূর্ণ ভোট হয়—এ বক্তব্য মাশৈপ্র মারমার। তিনি বান্দরবান সদর ইউনিয়নের কোলাক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একজন নারী সদস্য পদপ্রার্থীর এজেন্ট। গতকাল শনিবার বান্দরবানের ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে লামা উপজেলায় কয়েকটি ভোটকেন্দ্রে জাল ভোট এবং থানচি, রুমা ও রোয়াংছড়িতে ব্যালট বাক্সে জাল ব্যালট পেপার ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বান্দরবান সদর ইউনিয়নে কোলাক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও রেইছা, সুয়ালক ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রশীদ অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। ভোটের বাক্সে জাল ব্যালট ফেলা হয়েছে। এ কারণে এই ইউপি নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নুমংপ্রæমারমা বলেন, সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের উপস্থিতি ভালো ছিল। প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, এ কেন্দ্রের ভোটার ৫৬০ জন। মাত্র তিনজন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ভোটাররাও দ্রুত ভোট দিতে পেরেছেন। হেব্রনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারের সংখ্যা ২৮৪। সকাল সোয়া ১০টায় প্রিসাইডিং কর্মকর্তা জানান, ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
লামার আজিজনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল কিবরিয়া অভিযোগ করেন, সরকারি দলের প্রার্থীর লোকজন চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাঁর লোকজনকে তাড়িয়ে দিয়েছেন। বাধা দিতে চাইলে তাঁদের ওপর হামলা করা হয়। তাঁর অভিযোগ, অন্য কেন্দ্রগুলোতে জাল ভোট দেওয়া হয়েছে। তবে সরকারি দলের প্রার্থী জসীম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই অভিযোগ করা হচ্ছে।
থানচির বলীপাড়া ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ক্যসাউ মারমা, রোয়াংছড়ি সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী অংশৈমং মারমা অভিযোগ করেন, অনেক কেন্দ্রে ব্যালট বাক্সে জাল ব্যালট ঢোকানো হয়েছে। রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা অভিযোগ করেন, উপজেলার অনেক ভোটকেন্দ্রে ভোট বাক্সে জাল ব্যালট পেপার দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের বাক্সে জাল ব্যালট ঢোকানোর ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে তিনি জানান।