বান্দরবানের উচ্চমান সহকারীকে রাঙামাটিতে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বান্দরবানের সুয়ালক ম্রো আবাসিক বিদ্যালয়ের উচ্চমান সহকারী শহীদুল্লাহ পাটোয়ারীকে বদলি করলেও কোনো বিদ্যালয় তাঁকে গ্রহণ করতে রাজি হয়নি। নিরুপায় হয়ে কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) রাঙামাটি প্রধান কার্যালয়ে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে বলে গতকাল রোববার সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন। অনগ্রসর আদিবাসী ছেলেমেয়েদের শিক্ষার জন্য পাচউবো সুয়ালকে অবস্থিত ম্রো আবাসিক বিদ্যালয়সহ রাঙামাটিতে একটি ও বান্দরবানে তিনটি আবাসিক বিদ্যালয় পরিচালনা করে থাকে। ম্রো আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা জানিয়েছেন, শহীদুল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৯ এপ্রিল লিখিত অভিযোগ করে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে বদলি করা হয়। রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাশ বলেন, পাটোয়ারীর ১ মে যোগদানের কথা থাকলেও অভিভাবক ও ছাত্রছাত্রীরা তাঁকে যোগ না দিতে লিখিত আবেদন জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একইভাবে রাঙামাটির রাজস্থলী ও বান্দরবানের আলীকদম আদিবাসী আবাসিক বিদ্যালয়েও তাঁকে বদলি না করার জন্য পাচউবো কর্তৃপক্ষকে অনুরোধ করে শিক্ষার্থীরা।শহীদুল্লাহ পাটোয়ারী বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও কতিপয় শিক্ষক ও ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তিনি বলেন, প্রমাণহীন একটি অভিযোগকে এতদূর টেনে নিয়ে যাওয়া হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।পাচউবোর সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিবি) অতিরিক্ত পরিচালক জানে আলম বলেছেন, প্রাথমিক তদন্তে শহীদুল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে বর্তমানে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় থেকে প্রত্যাহার করে রাঙামাটিতে রাখা হয়েছে।