বান্দরবানের এসএমই পণ্যমেলা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গত বুধবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা জমে উঠেছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ৬৩টি প্রতিষ্ঠান নিজেদের উৎপাদিত পণ্য মেলায় প্রদর্শন করছে। মেলায় হস্তশিল্প, গৃহস্থালি পণ্য এবং পোশাকের স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বিক্রির প্রতিষ্ঠান টংছিমিংয়ের স্টলে গিয়ে দেখা যায়, বাঁশের গ্লাস, মুখোশ ও শোপিস দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। প্রতিষ্ঠানটির মালিক মংটুমং মারমা জানান, বিক্রি মোটামুটি। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীরাই গত দুদিন মেলায় বেশি এসেছেন।
বুটিক হাউস ডোলবি (চাকমা ভাষায় ডোলবি অর্থ ‘সুন্দরী’) মালিক শিরিন আক্তার জানান, মেলার শেষের দিকে হয়তো প্রকৃত ক্রেতারা আসবেন।
জত্রিতা বুটিকসেও তরুণী ও কিশোরীদের ভিড় বেশি দেখা গেছে।
উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার এবং উদ্যোক্তাদের সঙ্গে বিপণনব্যবস্থার সংশ্লিষ্টদের পরিচয় ঘটানোর জন্য এ মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান। গত বুধবার থেকে বিকেলে এসএমই পণ্যমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এসএসই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পৌরসভার মেয়র ইসলাম বেবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক রাহুল বড়ুয়া, নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভানেত্রী লালছানি লুসাই, নারী উদ্যোক্তা ডনাইপ্রু নেলী প্রমুখ।
অনুষ্ঠানে বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। নানা কারণে এখনো এই অঞ্চলে প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা গড়ে তোলা যায়নি।
জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, বিপণন সমস্যার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য চাহিদা থাকা সত্ত্বেও ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হয় না।