বান্দরবানের রোয়াংছড়ির ক্রাইক্ষ্যং পাড়ায় গত মঙ্গলবার দুপুরে বৃষ্টির পর মাটিতে ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মৃত্তিকা বিজ্ঞানীরা।
নপট্ট (নোয়াপতং) খালের তীরে ক্রাইক্ষ্যং পাড়ার যে অংশে মাটিতে ফাটল দেখা দিয়েছে, তার আশপাশে আরও কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে।
পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) চাইগ্য প্রু মারমা ও নোয়াপতং ইউপি সদস্য মংচিংসা মারমা জানান, ফাটলটির দৈর্ঘ্য ৩০-৩৫ ফুট, প্রস্থ প্রায় এক ফুট। ফাটলের গভীরতা ১০-১২ ফুট হবে।
ক্রাইক্ষ্যং পাড়ার বাসিন্দা গৃহবধূ উম্রানু মারমা জানান, মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রবল বৃষ্টি হয়। এরপরই ফাটলটি দেখা যায়।
হাংসামা পাড়ার বৌদ্ধ ভিক্ষু কেটু ভান্তে জানান, মাটির ১০-১২ ফুট নিচে পাথরের আস্তরণ রয়েছে। এ জন্য পাড়ায় নলকূপ বসানো যায় না। ফাটল নিয়ে ভয়ের কিছু নেই।
বান্দরবানের মৃত্তিকা গবেষণা উন্নয়ন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান ফাটল নিয়ে আতঙ্কিত না হতে বলেছেন। তিনি জানান, মাটির অভ্যন্তরে শূন্যতা বা ফাঁক সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানিতে বাইরের অংশে ফাটল দেখা দিয়েছে। মাটির ফাঁকা অংশ ভরাট করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এই বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, বান্দরবানে গত মঙ্গলবার ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ রকম বৃষ্টিতে মাটির ওপর কোথাও গর্ত ও ফাটল দেখা দিতে পারে।