বান্দরবানের চার উপজেলায় লাগাতার অবরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের কিছু এলাকায় আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। অপহৃত বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমা উদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত হওয়ার জের ধরে গত ১৩ জুন রাতে জনসংহতি সমিতির অস্ত্রধারীরা মংপু মারমাকে অপহরণ করে। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি উদ্ধার না হওয়া পর্যন্ত বান্দরবান সদর উপজেলার একাংশ, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে।
জনসংহতি সমিতি এই অপহরণের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মংক্যচিং চৌধুরী, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক এ কে এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে এই অবরোধ সরকারের বিরুদ্ধে সরকারি দলের কর্মসূচি কি না—এই প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী বলেন, এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা এই কর্মসূচি দিয়েছেন।
জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, জেলা আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি সম্পর্কে তাঁর জানা নেই। সরকারের ব্যর্থতার জন্য নয়, দলীয় নেতাকে অপহরণের প্রতিক্রিয়া দেখাতেই সম্ভবত এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।