বান্দরবানের ছয় শিশু ঢাকায় উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের ছয়জন ত্রিপুরা আদিবাসী শিশুকে পিরোজপুরের একটি মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে যাওয়ার সময় গতকাল রোববার সকালে ঢাকার ফকিরাপুল থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিনয় ত্রিপুরা নামে একজন দালালকেও আটক করা হয়। আবাসিক বিদ্যালয়ে বিনা খরচে পড়ানোর প্রলোভন দেখিয়ে ধর্মান্তরের জন্য শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে উদ্ধারকারী ত্রিপুরা ছাত্র ফোরাম ও ত্রিপুরা কল্যাণ সংসদের নেতারা জানিয়েছেন। ত্রিপুরা কল্যাণ সংসদের ঢাকা শাখার সাধারণ সম্পাদক বরেন ত্রিপুরা বলেছেন, উদ্ধারকৃত ছয় শিশুকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দালাল বিনয় ত্রিপুরার ব্যাপারে কী করা হবে, কল্যাণ সংসদ এখনো সিদ্ধান্ত নেয়নি। বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান ও বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, শিশুদের নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁদের জানানো হয়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।