বান্দরবানের জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহার ও বান্দরবান সরকারি কলেজের দখল হওয়া জমি উদ্ধারের দাবিতে গত সোমবার মানববন্ধন হয়েছে। বান্দরবানের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। পরে তাদের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো হয়। সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে পালিত মানববন্ধনে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মংমংসো রাখাইন, সংস্কৃতিকর্মী জলিমং মারমা, ত্রিপুরা নেতা দেনন্দোহা জলাই ত্রিপুরা, বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বান্দরবানে দখল হওয়া ভূমি উদ্ধারের জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। কিন্তু বর্তমান জেলা প্রশাসক মিজানুর রহমান সরকারি এ উদ্যোগের বিপক্ষে কাজ করায় সে উদ্যোগের সাফল্য ম্লান হয়ে গেছে। শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বান্দরবানের মানুষের কাছে নীল চাষ হিসেবে পরিচিত রাবার-হর্টিকালচার চাষের জন্য ইজারা দেওয়া প্রায় ৪৭ হাজার একর জমি উদ্ধারে সরকার উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসকের বিরোধী অবস্থানের কারণে বিশাল এ জমির মাত্র দেড় হাজার একরের ইজারা বাতিল করা সম্ভব হয়েছে। আবার জেলা প্রশাসক সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা বাতিল করা বেশির ভাগ জমির ইজারা পুনর্বহাল করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক নিজেই বান্দরবান সরকারি কলেজের জমি প্রতিবন্ধী হাসপাতালের নামে একটি সংবেদনশীল প্রতিষ্ঠান সৃষ্টি করে দখল করছেন বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।এ ব্যাপারে জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।