বান্দরবানের ডিসি-এডিসিকে আদালতে তলব
বান্দরবান সরকারি কলেজের জমি দখলের অভিযোগে বান্দরবান ট্রাস্টের সভাপতি ও জেলা প্রশাসক এবং সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি-সার্বিক) কারণ দর্শানোর জন্য আদালতে তলব করা হয়েছে। গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষ জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়েরের পর ওই দিনই আদালত তাঁদের তলব করেন। আদালত কলেজের জমির ওপর প্রতিবন্ধী হাসপাতালের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেন, প্রতিবন্ধী হাসপাতাল নির্মাণের নামে ডিসি ও এডিসি কলেজের জমি দখল করেছেন। কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ডিসি ও এডিসি নিজে বান্দরবান ট্রাস্টের সভাপতি ও সদস্যসচিব হিসেবে ট্রাস্টের জমি দাবি করে কলেজের জমি অবৈধভাবে দখল করেছেন। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ মামলার আরজিতে বলা হয়েছে, বান্দরবান সরকারি কলেজের দুটি হোল্ডিংয়ে সাড়ে নয় একর জমি রয়েছে। সেখান থেকে জেলা প্রশাসক ৮০ শতাংশ জমি এখতিয়ারবহির্ভূতভাবে খাস করে বান্দরবান ট্রাস্টের নামে পুনরায় বন্দোবস্ত দেন। সরকারি প্রতিষ্ঠান বা কলেজের জমি দীর্ঘদিন দখলের চেষ্টা করেও দখল করতে না পারায় প্রতিবন্ধী হাসপাতাল নির্মাণের নামে দখল করা হয়েছে। বান্দরবান ট্রাস্টের সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল ইমাম খান কলেজের জমি দখল করা হয়নি দাবি করে বলেন, ‘বিষয়টি মীমাংসার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।’