বান্দরবানের ডিসি ও এসপিকে তলব
বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তলব করেছেন হাইকোর্ট। ৮ মে তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন।একই সঙ্গে আদালত আইন অনুযায়ী, বিচারপতিদের প্রটোকল ও গার্ড অব অনার দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং বান্দরবানের ডিসি ও এসপিকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ-সংক্রান্ত রিট আবেদন দাখিল ও শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, বিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তাদেরও প্রটোকল ও গার্ড অব অর্নার দেওয়া হয়। কিন্তু বিচারপতিদের মর্যাদা ঊর্ধ্বে হলেও তাঁদের ভ্রমণকালে ও অধস্তন আদালত পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে প্রটোকল ও গার্ড অব অনার না দেওয়া বেআইনি।মনজিল মোরসেদ পরে প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রটোকল ও গার্ড অব অনার-সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে বান্দরবানের ডিসি ও এসপিকে আদালতে হাজির হতে বলা হয়েছে।