বান্দরবানের থানচিতে ভয়াবহ আগুনে পুড়ল ৭৪ দোকান ও বাড়ি
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৪টি দোকান ও বাড়ি পুড়ে গেছে। গত রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। থানচি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যে কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে জানান।
বান্দরবান জেলা সদর থেকে ৬৩ কিলোমিটার দূরে পাহাড়ি সড়ক ধরে বলীপাড়া বাজারে রোববার রাতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে স্বাভাবিক অবস্থাতেই প্রায় তিন ঘণ্টা লাগে। কিন্তু রোববার রাতে বলীপাড়া বাজারে যাওয়ার পথে গাড়ি বিকল হওয়ায় চার ঘণ্টা লেগেছে বলে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্য উচিং মারমা জানান। পরে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি বলীপাড়া বাজারে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে একটি বাজারের একটি আসবাবের দোকানে আগুন লাগে। দ্রুত তা বাজারের পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন ও বিজিবির বলীপাড়া ব্যাটালিয়নের সদস্যরা আগুন নেভানোর কাজ করেন।
বাজারের ব্যবসায়ী নীহার বিন্দু চাকমা বলেন, বিজিবির সদস্যরা আগুন নেভানোর কাজে এগিয়ে না হলে পুরো বাজার ধ্বংস হয়ে যেত। বিজিবির তৎপরতায় বাজারের অর্ধেক দোকান রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল এসে পৌঁছায়।
বিজিবির বলীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হাবিবুর রহমান ও থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, বাজারের দক্ষিণ পাশে একটি আসবাবের দোকানে অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের টুকরা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। ৫০টি দোকান ও ২৪ ঘরবাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গতকাল সকালে ও দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।