বান্দরবানের দুর্গম এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের ম্রো গ্রাম থেকে গত রোববার রাতে জঙ্গিগোষ্ঠীর সদস্য সন্দেহে দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁরা হলেন শামীম মাহফুজ (৩৫) ও ইসমাইল হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি ও বোমা তৈরির কৌশলসংক্রান্ত সচিত্র বই, বোমা তৈরির সরঞ্জাম, তাঁবু, বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়ারসহ ১৫০ রকমের মালামাল পাওয়া গেছে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানচি থানায় মামলা করেছে বিজিবি। আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শামীম ও ইসমাইল দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে প্রাথমিক চালান হিসেবে ওই সব মালামাল সেখানে নিয়ে যান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ প্রথমে গত রোববার থানচির বলীপাড়া কমলাবাগান এলাকায় অভিযান চালায়। সেখানে জঙ্গি প্রশিক্ষণে ব্যবহারের বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। বিষয়টি পাশে অবস্থিত বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জানানো হয়। ওই দিন রাতে বিজিবির সদস্যরা চিম্বুক হিল রেঞ্জের দুর্গম কলাই ম্রোপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে শামীম ও ইসমাইলকে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ম্রোপাড়ায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্যাকেট করা আট বস্তা মালামাল উদ্ধার করা হয়। গতকাল আটক ওই দুজন ও উদ্ধার হওয়া মালামাল পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ সুপার কামরুল আহসান জানান, শামীম মাহফুজ পুলিশকে জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তিনি থানচি উপজেলার বলীপাড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরসংলগ্ন এলাকায় আস্তানা গাড়েন। নিজেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিজিবি ব্যাটালিয়নের কিছু জমি ইজারা নিয়ে ভুট্টা চাষ করেন। এ জন্য স্থানীয় লোকজনের কাছে তিনি ভুট্টা কোম্পানি হিসেবে পরিচিত। শামীম আরও জানান, তিনি মিয়ানমারের আরাকান প্রদেশে নিগৃহীত মুসলমানদের উদ্ধারে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য নিরাপদ জায়গা খুঁজছিলেন। কলাই ম্রোপাড়া এলাকা তাঁর কাছে প্রশিক্ষণকেন্দ্রের জন্য উপযুক্ত মনে হয়েছে বলে জানান তিনি। শামীম মাহফুজ জানান, তিনি রংপুর ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি করতেন।পুলিশ সুপার জানান, শামীম ও ইসমাইল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত নয় বলে দাবি করলেও তাঁদের সংগঠনের নাম এখনো বলেননি। তবে ঢাকায় বেশ কিছু লোকের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে এবং মালামাল তাঁরাই ঢাকা থেকে বান্দরবানে পৌঁছে দেন বলে জানা গেছে। কলাই ম্রোপাড়ার কার্বারি কামচং ম্রো প্রথম আলোকে বলেন, তাঁদের পাড়ায় পানি সরবরাহ ও বিদ্যালয় করে দেওয়ার আশ্বাসে পাড়ার লোকজনের সঙ্গে শামীম সম্পর্ক গড়েন। মালামাল কোনো পারিশ্রমিক ছাড়াই পাড়ার লোকজনকে দিয়ে বহন করানো হয়েছে।