বান্দরবানের দুর্গম এলাকার আদিবাসী পাড়াগুলোতে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। খাবারের অভাবে কোনো কোনো পরিবার ২০-২৫ দিন ধরে জঙ্গলের আলু ও কলাগাছ খেয়ে কোনো রকমে বেঁচে আছে। গতকাল শুক্রবার বান্দরবানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ রকম দাবি করেছেন। জেলা শহরের হেডম্যান অ্যাসোসিয়েশন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অংশ নেন আটটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা ও থানচি উপজেলার জনপ্রতিনিধিরা। সংবাদ সমেঞ্চলনে ম্রো নেতা রাংলাই ম্রো ও এনজিও কর্মকর্তারা বলেন, থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে এবং আলীকদমের ক্রুকপাতা ও পোয়ামুড়ি এলাকায় সংকট প্রকট আকার ধারণ করেছে। এ ছাড়া রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং, সিপ্পী পাহাড় এলাকা ও রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা, পাইন্দু ইউনিয়নের দুর্গম পাড়াগুলোতে মানুষ ভাতের সঙ্গে জঙ্গলের আলু খেয়ে কোনো রকমে বেঁচে রয়েছে। অবিলম্বে সরকারি-বেসরকারি উদ্যোগে ‘খাদ্যনিরাপত্তা জাল’-এর আওতা বাড়ানো না হলে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং রাখাইন বলেন, কয়েকটি বেসরকারি সংস্থা মিলে রেমাক্রি ইউনিয়নে অভুক্ত থাকা ২৬৬টি পরিবারকে জরুরি ভিত্তিতে ১২ টন চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রতিদিনই এ ধরনের পরিবারের সংখ্যা বাড়ছে। রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন, তাঁর ইউনিয়নে এক হাজার ৬০০ পরিবারের মধ্যে এক হাজার ৩১৫টি পরিবার খাদ্যাভাবে ভুগছে। পার্শ্ববর্তী তিন্দু ইউনিয়নেও এ ধরনের সংকটাপন্ন প্রায় এক হাজার পরিবার রয়েছে বলে জানান মালিরাম। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাংলাই ম্রো। আরও উপস্থিত ছিলেন ডিপিওডির নির্বাহী পরিচালক সিকো চাক, ম্রোচেটের সমন্বয়কারী পাকো ম্রো, ইকো ডেভেলপমেন্টের প্রকল্প সমন্বয়কারী উত্তম কুমার চৌধুরী, প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা প্রমুখ । সাংবাদিকেরা খাদ্যসংকটের কারণ জানতে চাইলে এনজিও কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বলেন, জুমচাষিরা ইঁদুরবন্যা-পরবর্তী সংকট এখনো কাটিয়ে উঠতে পারেননি। গত বছর জুমের মৌসুমে অকাল বৃষ্টি ও ফসল তোলার সময় শূকরের উপদ্রব হওয়ায় সংকট আরও বেড়ে যায়। এ ছাড়া আদা ও হলুদের চাষ করেও ন্যায্যমূল্য না পাওয়ায় তা মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে দাঁড়িয়েছে।