বান্দরবানের নেতা-কর্মীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বান্দরবান জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। গণভবনে দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বান্দরবান জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলের অবস্থা জানতে সব জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বান্দরবান জেলার নেতা-কর্মীদের ডাকা হয়েছে। দলীয় সভানেত্রীর সঙ্গে বৈঠকের জন্য তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানকেই প্রথমে সুযোগ দেওয়া হয়। পার্বত্য চুক্তি বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠকে যোগ দিতে প্রায় ৩০০ নেতা-কর্মী ইতিমধ্যে রাজধানীতে পৌঁছে গেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে নিশ্চিত করে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্নকান্তি তঞ্চঙ্গ্যা বলেন, বান্দরবানের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে এটি দলীয়-প্রধানের সাধারণ সভা। এতে স্থানীয় সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা কমিটির সব সদস্য, উপজেলা কমিটি ও সহযোগী বিভিন্ন সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত থাকবেন। জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, জেলা পরিষদের বিভিন্ন দপ্তর হস্তান্তর, নির্বাচন অনুষ্ঠান, জেলা পরিষদ চেয়ারম্যানের পদমর্যাদা, সদস্যদের কার্যপরিধি প্রভৃতি বিষয় আলোচনায় উত্থাপন করা হবে।