বান্দরবানের ফাইতংয়ে অবাধে পাহাড় কর্তন
বান্দরবানের লামা ফাইতংয়ে অবাধে পাহাড় কাটা হলেও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রহস্যজনক নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বর্ষায় পাহাড় ধসে ২৪ জন নিহত হওয়া ফাইতংয়ে এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে আরও বেশি প্রাণহানি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।পাহাড় কাটার সঙ্গে প্রশাসনের যোগসাজশ থাকতে পারে আশঙ্কা করে এলাকাবাসী জানান, পাহাড় কাটার ব্যাপারে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকরুল ইসলাম বলেছেন, সবার সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক রেখে তাঁরা পাহাড় কাটা ও ইটভাটার কাজ করে থাকেন। ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়া ও শিবাতলী নোয়াপাড়াবাসী জানান, তাঁদের দুই পাড়ার মধ্যবর্তী বিশাল পাহাড়টি প্রায় তিন মাস ধরে কাটা হচ্ছে। পাহাড় কেটে সমতল করা স্থানে পিবিসি নামে একটি অবৈধ ইটভাটাও স্থাপন করা হয়েছে। ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমং সিং মারমা বলেছেন, বুলডোজার দিয়ে তাঁদের দুই পাড়ার মধ্যবর্তী পাহাড়টি বিপজ্জনকভাবে কেটে বর্তমানে অধিকাংশ ধ্বংস করে ফেলা হয়েছে। গত অক্টোবরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে ২০ হাজার টাকা জরিমানা করে পাহাড় কাটার বৈধতা দিয়ে যান। পুরো পাহাড় ধ্বংস করতে আর বেশি সময় লাগবে না। ফাইতং ইউপির চেয়ারম্যান শামসুল আলম বলেছেন অবৈধ ইটভাটা ও অবাধে পাহাড় কাটা নিয়ে বহিরাগতদের কাছে তাঁরা অসহায় হয়ে পড়েছেন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ও ইউএনওর কাছে বারবার বলার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শামসুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি ইউএনওকে বলার পর তিনি বলেছেন ইটভাটার মালিকেরা উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে ইটভাটা চালাচ্ছেন। উচ্চ আদালতের ইটভাটা চালানোর আদেশে পাহাড় কাটার অনুমতি দেওয়া না হলেও কেন কাটা হচ্ছে তার জবাব ইউএনও দিতে পারেননি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাহাড় কাটা ও ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয়ে গত ২৬ জুন পাহাড় ধসে এক রাতেই শুধু ফাইতংয়ে ২৪ জন নিহত হয়। এ জন্য উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় জনপ্রতিনিধিরা বারবার ইটভাটা বন্ধের দাবি উত্থাপন করে আসছেন। ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকরুল ইসলাম বলেন, পাহাড় কিছুটা না কাটলে কাজ করা সম্ভব নয়। পিবিসি ইটভাটার মালিক হুমায়ুন জানান, ইট তৈরির মাটির জন্য পাহাড় কাটছেন। কারণ, সেখানে আর কোনো মাটি নেই। এটা সবাই জানে এবং সবার সঙ্গে বোঝাপড়া করে এ কাজ করা হচ্ছে বলে তিনি জানান। লামার ইউএনও হেলাল উদ্দিন ফাইতং শিবাতলী পাড়া এলাকায় পাহাড় কাটার ব্যাপারে অভিযোগ রয়েছে স্বীকার করে বলেছেন, তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন। এ ব্যাপারে মামলা করা হবে বলেও তিনি জানান। শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম জানান।