বান্দরবানের ফাইতংয়ে ইটভাটার জন্য আবারও পাহাড় কাটা হচ্ছে
বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে ইটভাটার জন্য অবৈধভাবে আবারও অবাধে পাহাড় কাটা হচ্ছে। বুলডোজার দিয়ে একটি পাহাড়ের অর্ধেকাংশ কেটে ফেলায় একটি মারমা আদিবাসীপাড়া মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। পাহাড় কাটা সম্পর্কে জানলেও জেলা ও উপজেলা প্রশাসন দেখেও না দেখার ভান করে নির্বিকার রয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। ফাইতং ইউপির চেয়ারম্যান শামসুল ইসলাম বলেছেন, ইটভাটার কারণে বনাঞ্চল উজাড় ও পাহাড় কাটায় পরিবেশগত বিপর্যয়ে গত ২৬ জুন রাতে পাহাড়ধসে শুধু ফাইতংয়ে ২৪ জন নিহত হয়েছেন। এ জন্য উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় বারবার ইটভাটা বন্ধের দাবি উত্থাপন করা হয়েছে। কিন্তু বন্ধ তো দূরের কথা, এ বছর পাহাড় কেটে নতুন করে আরেকটি অবৈধ ইটভাটা স্থাপন করা হচ্ছে। এ বছর একটি নতুন নির্মাণাধীনসহ তাঁর ইউনিয়নে ১৫টি ইটভাটার মধ্যে একটিরও বৈধতা নেই।গত রোববার সরেজমিনে ফাইতংয়ে গিয়ে দেখা যায়, শিবাতলি এলাকায় অনেকগুলো ইটভাটা গড়ে উঠেছে। সেখানকার মারমা আদিবাসীদের জমি ছলে-বলে-কৌশলে দখল করে এই ইটভাটাগুলো চকরিয়া, লোহাগাড়া ও কক্সবাজারের প্রভাবশালীরা করেছেন বলে ফাইতং মৌজার হেডম্যান উম্রামং মারমা অভিযোগ করেছেন। শিবাতলি পাড়ার অংহ্লাচিং মারমা পানি দেখিয়ে বলেন, বৃষ্টির পানি পাহাড়ের তলদেশে গিয়ে ঝিড়িতে (পাহাড়ি ঝরনা) মিশে যায়। বন ও পাহাড় না থাকলে এই পানি থাকবে না এবং ঝিড়িতেও পানি পাওয়া যাবে না। শিবাতলি পাড়ার ইউপি সদস্য এমংচিং মারমা বলেছেন, নিয়ম অনুযায়ী লোকালয়ের কয়েক কিলোমিটারের মধ্যে ইটভাটা করা যাবে না। কিন্তু পাড়াসংলগ্ন এলাকায় পিবিসিসহ বেশ কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। পিবিসি ইটভাটায় কর্মরত মিস্ত্রি আমিনুল ইসলাম বলেছেন, ইটভাটাটি চকরিয়ার পেকুয়ার বাসিন্দা মোহাম্মদ হুমায়ুনের। রমজানের ঈদের পর থেকে বুলডোজার দিয়ে পাহাড়টি কাটা হচ্ছে। তিন দিন আগে সেটি বিকল হওয়ায় কাজ বন্ধ রয়েছে। পিবিসি ইটভাটার মালিক মোহাম্মদ হুমায়ুন নির্মাণাধীন ইটভাটার কোনো অনুমতিপত্র না থাকার কথা স্বীকার করে বলেছেন, ইটভাটা স্থাপন ও পাহাড় কাটার অনুমতির জন্য পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। অনুমতিপত্র পাওয়ার আগে ভাটা স্থাপন ও পাহাড় কাটছেন কেন, জানতে চাইলে তাড়াতাড়ি কাজ করার জন্য ভুলবশত এ কাজ করেছেন বলে তিনি জানান। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বলেছেন, ফাইতংয়ে পাহাড় কাটার ব্যাপারে তিনি অভিযোগ পেয়েছেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, কোনো ইটভাটার অনুমতিপত্র দেওয়া হয়নি। বিষয়টি দেখা হবে।