বান্দরবানের সামগ্রিক উন্নয়নে শিক্ষার নিম্নহার বাধা
বান্দরবানে শিক্ষার নিম্নহার ও দারিদ্র্যকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল রোববার এক কর্মশালায় অংশগ্রহণকারী সবাই জেলার ওই দুটি সমস্যাকে প্রধান হিসেবে একমত হয়েছেন। মেঘলা পর্যটন মোটেলে ইউএনডিপি ও জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান ও ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের আঞ্চলিক সমন্বয়কারী রবার্ট স্টোলমেন। এতে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, জেলা-উপজেলা পর্যায়ের সরকারি ও এনজিও কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, পরিবেশবিদ ও ইউএনডিপির কর্মকর্তারা। প্রধান অতিথি বীর বাহাদুর এমপিসহ প্রায় সবাই একমত পোষণ করে বলেছেন, জেলার সামগ্রিক উন্নয়নকে দারিদ্র্য ও শিক্ষার নিম্নহারের দুষ্টচক্র আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।