বান্দরবানের স্বর্ণমন্দিরে পর্যটকেরা কাল থেকে যেতে পারবেন
বান্দরবানের অন্যতম আকর্ষণ বৌদ্ধ প্যাগোডা ‘স্বর্ণমন্দির’ কাল বুধবার থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। গত রোববার রাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও স্থানীয় প্রশাসনের সঙ্গে স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উ পঞা জোত মহাথেরোর আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপত্তার কারণে গত ২০ ফেব্রুয়ারি স্বর্ণমন্দিরে পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য পূজারিরা মন্দিরে যেতে পারতেন।
বান্দরবান জেলা শহরের বোমাং রাজবিহারে রোববার রাতে কঠিন চীবরদান উৎসব শেষে এক সভা হয়। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, স্বর্ণমন্দির ও বিশ্ব বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা উ পঞা জোত মহাথেরো, বান্দরবান জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন। ওই সভায় স্বর্ণমন্দির পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
গতকাল সোমবার জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রথম আলোকে বলেন, স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা ও মন্দির পরিচালনা কমিটির নেতারা নিরাপত্তার আশঙ্কা থেকে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়ার কথা প্রশাসনকে জানান। প্রতিমন্ত্রী ও প্রশাসন থেকে মন্দিরের সার্বিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়। স্বর্ণমন্দির এলাকায় একটি পুলিশ বক্স ও ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বুধবার থেকে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মন্দির কর্তৃপক্ষ রাজি হয়।
এ বিষয়ে স্বর্ণমন্দিরের প্রধান উপাসক বা চ মং মারমা গতকাল প্রথম আলোকে বলেন, প্রশাসন থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি পাওয়ায় স্বর্ণমন্দির আবার পর্যটকদের জন্য খুলে দিতে তাঁরা রাজি হয়েছেন। বুধবারের আগেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্বর্ণমন্দিরে যাবেন। স্বর্ণমন্দিরের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার বিষয়ে তাঁরা আলোচনা করবেন। প্রশাসনের সহযোগিতা থাকলে পর্যটক প্রবেশে কোনো সমস্যা থাকবে না বলে তিনি জানান।