বান্দরবানের ২১ ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত শনিবার অনুষ্ঠিত ২৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে থেকে ২১টিতে পুনর্নির্বাচনের দাবি করেছেন আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন। নেতারা অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় ভোট বাক্সে জাল ব্যালট ঢুকিয়ে জালিয়াতি করে ফলাফল ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ। জাল ব্যালট পাওয়ার পরও আইনগত ব্যবস্থা না নিয়ে ফল ঘোষণা করা হয়েছে।

জেলা শহরের মধ্যমপাড়ায় জেএসএসের জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। জেলা সভাপতি উছোমং মারমা, সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া জেএসএসের রুমা সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী লুপ্রæমারমা, রোয়াংছড়ি সদর ইউপির প্রার্থী অংশৈ মং মারমা, রাজবিলা ইউপির প্রার্থী মংপু মারমা, পাইন্দু ইউপির প্রার্থী ক্যসাপ্রæমারমাসহ বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সাচিংথুই মারমাও ছিলেন।

সংবাদ সম্মেলনে জেএসএসের জেলা সভাপতি উছোমং মারমা দাবি করেন, যেখানে প্রতিরোধের মাধ্যমে পুনরায় ভোট গণনা করে জাল ব্যালট বাদ দিতে বাধ্য করা সম্ভব হয়েছে সেখানে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। চারটি ইউনিয়নে পুনরায় ভোট গণনা করার কারণে একটিতে জেএসএস-সমর্থিত প্রার্থী, দুটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হয়েছেন। এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ২১টি ইউনিয়নে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী অংশৈ মং, লুপ্রু মারমা, মংপু মারমা বলেন, ভোট গণনার সময় প্রদত্ত ভোটের সঙ্গে ভোট বাক্সে পাওয়া ব্যালটের মিল না পাওয়ায় পোলিং এজেন্টরা প্রতিবাদ করেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তারা তাঁদের (পোলিং এজেন্ট) হুমকি দেন এবং জাল ব্যালটসহ ভোট গণনা করা হয় বলে এই তিন প্রার্থী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।

আলেক্ষ্যং ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সাচিংথুই মারমা বলেন, তাঁর ইউনিয়নে নয়টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে পুনরায় ভোট গণনা করে ২৭১টি জাল ব্যালট পাওয়া যায়। কিন্তু তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গণনা না করে তাঁকে মধ্যরাতে মাত্র তিন ভোটে পরাজিত ঘোষণা করা হয়েছে।

জেএসএসের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক ইউনিয়নে এক থেকে দেড় হাজার জাল ব্যালট পাঠানো হয়েছিল।

তবে এসব অভিযোগ সত্য নয় দাবি করে বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জাল ব্যালটে নৌকা প্রতীকে িসল মেরে কেউ কেউ নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, তাঁর দল এ রকম দুই নম্বরি কাজ করে না এবং কখনো করবে না।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, কোথাও কোথাও জাল ব্যালট পাওয়া গেলেও সেগুলো বাতিল করে ভোট গণনা করা হয়েছে।