বান্দরবানের ২৩৪ জওয়ানের বিচার শুরু আজ
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ১০ রাইফেল ব্যাটা-লিয়নে বিদ্রোহের অভিযোগে ২৩৪ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে রাইফেল প্রশিক্ষণকেন্দ্রে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর আইনে এ বিচারকাজ চলবে। আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হবে।১০ রাইফেল ব্যাটালিয়নের একজন কর্মকর্তা জানান, আদালতের কার্যক্রম শুরু হবে সকাল নয়টায়। আদালতে সভাপতিত্ব করবেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সরকারি কৌঁসুলি হিসেবে উপস্থিত থাকবেন ১০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক দিন বিরতি দিয়ে আগামী শনিবার আবার আদালত বসবে। এ দিন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। মামলায় ২৩৪ আসামির মধ্যে গ্রেপ্তার করা ১১০ জনকে ওই দিন বান্দরবান জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হবে। আর এ মামলায় এখনো যাঁদের গ্রেপ্তার করা হয়নি, তাঁদের ব্যাপারেও আদালত সিদ্ধান্ত নেবেন।জানা যায়, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে বান্দরবানের বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ হয়। এ ঘটনায় ব্যাটালিয়নের ২৩৪ জন জওয়ানের বিরুদ্ধে দুটি আলাদা মামলা হয়।