বান্দরবানের ৩৭টি ভাটায় পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে অধিকাংশ ইটভাটাই অবৈধ। প্রশাসনের হিসাবে জেলায় নয়টি ইটভাটা রয়েছে। আর অবৈধ ২৮টিসহ মোট ৩৭টি ভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো জেনেও না জানার ভান করে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন। ইটভাটার অনুমতিপত্র (লাইসেন্স) প্রদানকারী কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নথিপত্র অনুযায়ী জেলার লামা ও রোয়াংছড়ি উপজেলায় দুটি এবং সদর উপজেলায় সাতটি—এই নয়টি বৈধ ইটভাটা রয়েছে। কিন্তু বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মৌজার হেডম্যানদের দেওয়া তথ্যে জানা গেছে, এর বাইরে জেলায় ২৮টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে লামায় ১৬টি, সদর উপজেলায় চারটি, আলীকদমে তিনটি, নাইক্ষ্যংছড়িতে তিনটি, রোয়াংছড়িতে একটি ও রুমায় একটি। লামার বিভাগীয় বন কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ইটভাটায় যেকোনো ধরনের কাঠ পোড়ানো অবৈধ। সরেজমিনে লামার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাজা, সাপের ঘেরা, কাগজিখোলা এলাকায় চারটি ইটভাটা ঘুরে সেখানে অবাধে কাঠ পোড়াতে দেখা গেছে। হারগাজা ও রইঙ্গ্যা ঝিরি এলাকার দুটি ভাটার মালিক খায়রুল বাশার তাঁর ভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। রইঙ্গ্যা ঝিরির ভাটার নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, একটি ভাটায় প্রতিদিন গড়ে ৩০০ মনের বেশি কাঠ পোড়ানো হয়। বছরে একটি ভাটায় প্রায় ৫০ হাজার মণ কাঠ দরকার। ভাটার মালিক খায়রুল বাশার, লামার ফাইতংয়ের ভাটামালিক জসীম উদ্দিন তাঁদের ভাটায় কাঠ পোড়ানোর কথা স্বীকার করেছেন। তবে তাঁরা দাবি করেন, এসব কাঠ বনের নয়। তাঁরা বলেন, প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাত করেই কাজ করতে হয়। লামার ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ও আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, সব ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। বন থেকে কাঠ সংগ্রহ করে এখানে পোড়ানো হচ্ছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বশে থাকায় অবৈধ ভাটাগুলোতে বেপরোয়াভাবে কাঠ পোড়ানো হচ্ছে।ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, কিছু ভাটার অনুমোদনের জন্য আবেদন করে রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বৈধ ইটভাটার অনেক মালিক বলেছেন, বৈধ ইটভাটার অনুমতিপত্রের জন্য বন বিভাগের অনাপত্তি, ভূমি বিভাগের প্রতিবেদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ নানা রকম কাগজপত্র জোগাড় করতে হয়। এ জন্য ঘাটে ঘাটে হয়রানির শিকার হওয়া ছাড়াও অনেক টাকা ও সময়ের দরকার। এ কারণে অধিকাংশ ভাটামালিক সম্ভাব্য প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সবাইকে হাত করে অবৈধভাবে ভাটা চালাতে বেশি আগ্রহী। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত তারিক বলেন, ভাটাগুলোর অনুমতিপত্র নবায়ন করা সম্ভব না হলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভাটামালিকদের বশে থাকার কথা অস্বীকার করে বলেন, কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাগুলোকে লাখ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, উন্নয়নের জন্য ইটভাটার প্রয়োজন হলেও পরিবেশের জন্য ক্ষতিকর কিছু করতে দেওয়া হবে না। এ জন্য ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।