বান্দরবানের ৪১টি ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ
বান্দরবানের গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ৫০ গজ দূরত্বে গড়ে তোলা হয়েছে বিশাল ইটভাটা। বিদ্যালয়ের পাশে এ রকম ১২টিসহ বান্দরবানে ৪১টি ইটভাটায় প্রতিদিন গড়ে ১০ হাজার মণ জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে। এসব কাঠের উত্স সংরক্ষিত ও গৃহস্থালির বনের কাঠ।খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের পাশে গড়ে তোলা এসব ইটভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জেলার কোনো ইটভাটায় অনুমতিপত্রের শর্ত অনুযায়ী কয়লা ব্যবহার করা হয় না। বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় সংরক্ষিত বনাঞ্চল ও গৃহস্থালির বন ধ্বংস করে ভাটায় পোড়ানো হচ্ছে।জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, জেলায় ২১টি মেয়াদোত্তীর্ণ ও ১২টি চলমান ইটভাটা রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, জেলায় মোট ৪১টি ইটভাটা রয়েছে। সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মেসার্স এবি ব্রিক্সের কারিগর নিকুঞ্জ বড়ুয়া জানান, সাত লাখ ইট পোড়ানোর ক্ষমতাসম্পন্ন একটি ইটভাটায় প্রতিদিন সর্বনিম্ন ২৫০ মণ জ্বালানি কাঠের প্রয়োজন। প্রতিটি ইটভাটায় একদফা কাঁচা ইট পোড়াতে গড়ে ১৮ দিন সময় লাগে এবং এক বছরে সর্বনিম্ন ১০ দফা ইট পোড়ানো সম্ভব। সেই হিসেবে এক দফা ইট পোড়াতে প্রতিটি ভাটায় চার হাজার ৫০০ মণ ও ১০ দফায় ৪৫ হাজার মণ কাঠের প্রয়োজন। অর্থাত্ জেলার ৪১টি ভাটায় প্রতিদিন ১০ হাজার ২৫০ মণ এবং এক বছরে ১৮ লাখ ৪৫ হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। জানা যায়, কুহালং ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে ধোপাছড়ির মো. জয়নাল আবেদিন, ফরিদুল আলম বন বিভাগের লোকজনকে হাত করে ইটভাটায় জ্বালানি কাঠ সরবরাহ করেন। মধ্য খিয়াং পাড়ায় তাঁদের জ্বালানি কাঠের স্তূপ দেখা গেছে। সুয়ালক আমতলি এলাকার ভাটাগুলোতে গৃহস্থালির বাগান থেকে এবং বাঘমারা, লামার ফাইতং ও ফাসিয়াখালী এলাকার ভাটাগুলোতেও সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করা হয়। মো. জয়নাল আবেদিন সংরক্ষিত বনাঞ্চলের কাঠ এবি ব্রিক্স ইটভাটায় সরবরাহের কথা স্বীকার করে বলেন, ‘আমি ব্যবসায়ী হিসেবে কিছু লাভের আশায় করেছি। এখন বিভিন্নজনের চাপে কাঠ সরবরাহ বন্ধ রয়েছে।’বন বিভাগের ধোপাছড়ি বিট কর্মকর্তা এনামুল হক বলেন, বিচ্ছিন্নভাবে কাঠ কাটা বন্ধ করা না গেলেও ব্যাপক আকারে সংগ্রহ বন্ধ করা হয়েছে। বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা এ এস এম মুনিরুল ইসলাম বলেন, ‘বন বিভাগের ইটভাটা বন্ধ ও নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নেই।’ পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আব্দুস সোবহান বলেন, বিদ্যালয়সংলগ্ন এলাকায় কোনো ইটভাটার অনুমোদন দেওয়ার কথা নয়। কিন্তু ইটভাটা হওয়ার পর বিদ্যালয় স্থাপন করা হলে করার কিছু নেই।ইটভাটার মালিক কামাল হোসেন বলেন, পার্বত্য এলাকায় ইটভাটা করলে কমবেশি সবাইকে কাঠ ব্যবহার করতে হয়। তবে তিনি অবাধে কাঠ পোড়ানোর কথা অস্বীকার করে বলেন, কয়লার ঘাটতি দেখা দিলেই শুধু কাঠ ব্যবহার করা হয়। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় ইটভাটার অনুমতি না দিয়ে উপায় নেই। কিন্তু তাই বলে কাউকে জ্বালানি কাঠ পোড়ানোর অনুমতি দেওয়া হয়নি। শিগগিরই ইটভাটায় অভিযান চালানো হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।