বান্দরবানের ৬১ হাজার শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ নয়, মন্ত্রণালয়ের অনুমোদনের অভাবে পার্বত্য চট্টগ্রামের প্রায় ৬১ হাজার শিশুর শিক্ষাজীবনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প’র (আইসিডিপি) অধীনে এসব শিশুর শিক্ষাজীবন চলছিল। প্রকল্পটির দ্বিতীয় মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও এখনো তৃতীয় মেয়াদের অনুমোদন মেলেনি। এরই মধ্যে প্রকল্পের অধীন উপজাতীয় আবাসিক বিদ্যালয়গুলোতে খাবারের অভাব দেখা দিয়েছে। বিদ্যালয় ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা।আইসিডিপির উপপরিচালক জানে আলম প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালে তিন পার্বত্য জেলায় প্রথম প্রকল্পটি শুরু হয়। এর আওতায় জেলাগুলোতে চারটি উপজাতীয় আবাসিক বিদ্যালয় ও তিন হাজার ৫০০টি পাড়াকেন্দ্র পরিচালিত হয়। প্রতিটি পাড়াকেন্দ্রে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দান, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও অন্যান্য সচেতনতামূলক কাজ হয়ে থাকে। বর্তমানে এ কেন্দ্রগুলোতে ৬০ হাজারের বেশি শিশু ও আবাসিক বিদ্যালয়গুলোতে ৭০০ হতদরিদ্র আদিবাসী শিক্ষার্থী পড়াশোনা করছে।প্রকল্পটির প্রথম দফা পরিচালিত হয় ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। দ্বিতীয় দফা ছিল ১৯৯৬ থেকে ২০০৫ পর্যন্ত। কিন্তু এটি বারবার পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত গড়ায়।পাচউবো সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার হতদরিদ্র অনগ্রসর জনগোষ্ঠী, বিশেষ করে শিশুদের শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে প্রকল্পটি অত্যন্ত ফলপ্রসূ হয়। এ অবস্থায় স্থানীয়দের দাবির মুখে বারবার প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়।সূত্রটি আরও জানায়, প্রকল্পের দ্বিতীয় দফার জন্য বরাদ্দ ২২৯ কোটি টাকা এখনো শেষ হয়নি। বিভিন্ন কারণে অর্থ ব্যয় ও কাজ শেষ করতে না পারায় বরাদ্দের ৩৪ কোটি টাকা এখনো উদ্বৃত্ত রয়েছে। গত নভেম্বরেই উদ্বৃত্ত টাকায় প্রকল্পের মেয়াদ বাড়াতে পাচউবো থেকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়।পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) আবদুল মজিদ শাহ আকন্দ জানান, প্রকল্পটির তৃতীয় পর্যায়ের কাজ আগামী অর্থবছর শুরু হবে। তৃতীয় পর্যায়ের কাজ শুরুর আগে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়ানোর অনুমোদন চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়। গত মঙ্গলবারও মন্ত্রণালয়ে এ ব্যাপারে জরুরি তাগিদপত্র পাঠানো হয়।এদিকে প্রকল্পের আওতায় পরিচালিত রাজস্থলী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাশ্রী বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঠিকাদারেরা এরই মধ্যে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। গতকাল বুধবার থেকে বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যেতে শুরু করেছে।রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাশ জানান, তাঁর ছাত্রছাত্রীদের লবণ দিয়ে ভাত খাইয়ে রাখা হয়েছে। তা-ও আর মাত্র দুই দিন চলবে।ম্রো আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেছেন, ম্রো নেতাদের আশ্বাসে ঠিকাদারেরা ১৫ জানুয়ারি পর্যন্ত খাবার সরবরাহের আশ্বাস দিয়েছেন। এরপর কী হবে, তা তিনি জানেন না।প্রকল্প পরিচালক জাকির হোসেন জানান, মন্ত্রণালয় থেকে নিশ্চয়তা না পাওয়ায় আবাসিক বিদ্যালয়গুলোতে ঠিকাদারদের আপাতত খাদ্য সরবরাহ বন্ধ করতে এবং শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে। আগামী জুলাই থেকে প্রকল্পের তৃতীয় পর্যায় শুরু হবে। কিন্তু জুন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের মেয়াদ বাড়িয়ে ধারাবাহিকতা রাখা না হলে ছয় মাসে আইসিডিপির প্রায় ১০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে।এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোজাম্মেল হক খান বলেন, প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রীর বিবেচনাধীন রয়েছে। কিছু সময় লাগলেও তা অনুমোদন হবে বলে আশ্বস্ত করেন তিনি।