বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় গতকাল রোববার সকালে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুজনকে। নিখোঁজ রয়েছেন অন্তত আরও পাঁচজন। নিহত, আহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রায় সবাই গতকাল সকালে বান্দরবান থেকে বাসে করে রুমা যাচ্ছিলেন।
নিহত তরুণীর নাম চিং মেহ্লা মারমা (১৮)। তাঁর বাড়ি রুমার পাইন্দু ইউনিয়নের মংশৈপ্রু পাড়ায়। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে রুমার বাসিন্দা অংথোয়াই মারমা, রুমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চিত্তরঞ্জন চাকমাকে। তাঁদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, গতকাল সকাল নয়টায় ৩২ জন যাত্রী নিয়ে রুমার উদ্দেশে একটি বাস বান্দরবান শহর ছাড়ে। এর ঘণ্টাখানেক পর বান্দরবান শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দলিয়ানপাড়া গিয়ে যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে সড়কের ভাঙা অংশ পার হচ্ছিলেন। হঠাৎ সড়কের পাশের প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে বিশাল মাটির খণ্ড ধসে পড়ে অন্তত নয়জন এতে চাপা পড়েন।
গত শনিবার রাতেও সড়কের দলিয়ানপাড়া অংশে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে সড়কের আড়াই শ ফুটের মতো অংশে কয়েক ফুট মাটি জমে। যে কারণে গতকাল সকাল থেকে সড়কের এই অংশে গাড়ি চলছে না।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে বলে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং।