বান্ধবীর আত্মহত্যার পথই বেছে নিলেন বন্ধু
বান্ধবীর আত্মহত্যার খবরে কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যা করেছেন তাঁরই বন্ধু। মৃত ফাহমিদা সুলতানা (২২) রাজশাহী ডেন্টাল কলেজের শেষ বর্ষে এবং মিনহাজ চৌধুরী (২৫) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়তেন।
মিনহাজের বন্ধু মীম রহমান জানান, মিনহাজ রাজধানীর গুলশানের শাহাজাদপুরের ইউআইটিসএ নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শেষ বর্ষে পড়তেন। রাজধানীর ১০৭৯ খিলবাড়িটেকের ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় মেস করে থাকতেন মিনহাজ। আজ বৃহস্পতিবার সকালে মিনহাজ তাঁকে ফোন করে ‘রাজশাহীতে তাঁর বান্ধবী ফাহমিদা আত্মহত্যা করেছেন’ জানিয়ে ফোন কেটে দেন। একইভাবে মিনহাজ তাঁর আরও কয়েকজন বন্ধুকে এই খবর দেন। এরপর বন্ধুরা যোগাযোগ করলেও মিনহাজ ফোন আর ধরেননি।
মীম আরও জানান, দুপুর সোয়া ১২টার দিকে তিনি তাঁর রুমমেটদের সঙ্গে নিয়ে ষষ্ঠ তলায় গিয়ে দেখেন দরজা অটোলক। এরপর তারা বাড়িওয়ালাকে ডেকে এনে চাবি দিয়ে দরজা খোলেন। তাঁরা ভেতরে ঢুকে দেখেন গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিনহাজের নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, মিনহাজকে বেলা আড়াইটার দিকে মৃত অবস্থায় আনা হয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি আত্মহত্যাজনিত ঘটনা। যুবকটি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। একপর্যায়ে হয়তো ফ্যানের ব্লেড থেকে গামছা ফসকে গিয়ে সে নিচে পড়ে যায়।’
মিনহাজের বন্ধুরা জানান, মিনহাজের মা-বাবা রাজশাহী শহরে থাকেন। ফাহমিদা রাজশাহী শহরের বহরমপুরে নিজ বাড়িতে থাকতেন। তাঁরা আগে রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠী ছিলেন। সেই থেকেই তাঁদের ঘনিষ্ঠতা।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, গত বছর ফাহমিদা পরীক্ষায় অকৃতকার্য হন। এ বছর তিনি আবার পরীক্ষা দিচ্ছিলেন। গতকাল বুধবার তাঁর একটি পরীক্ষা খারাপ হয়। এ নিয়ে রাতে খাবার টেবিলে ফাহমিদাকে তাঁর মা বকুনি দেন। আজ সকালে তাঁর মা কর্মস্থলে যান। কিছুক্ষণ পরই এক প্রতিবেশী ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ফাহমিদাকে ঝুলতে দেখেন। এ সময় তিনি তাঁর মাকে ফোনে এ ঘটনা জানান। এরপর স্বজনেরা দ্রুত এসে লাশ নামিয়ে ফেলেন। কিন্তু ঘটনাটি পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগরে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
ফাহমিদার মা নুরমহল বেগম রাজশাহী নার্সিং ইনস্টিটিউটের প্রভাষক। তাঁর বাবা একরামুল হক রাজশাহী শহরে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মায়ের বকুনি খেয়ে ফাহমিদা আত্মহত্যা করতে পারেন।
মিনহাজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁর বাবার নাম মিজানুর রহমান চৌধুরী।