বান্ধবীর বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরেছে জান্নাতুল মাওয়া (প্রাপ্তি) নামের নবম শ্রেণীর এক ছাত্রী। গাজীপুরের টঙ্গীতে গত রোববার এ ঘটনা ঘটে। প্রাপ্তি স্থানীয় রেনেসাঁ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।প্রাপ্তি দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে যায় বলে তার বান্ধবীর পরিবার দাবি করলেও গোপনে তাকে হাসপাতালে নেওয়া এবং পরে লাশ বাড়ির সামনে ফেলে চলে যাওয়া এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর গতকাল সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও পরিবার জানায়, রোববার বিকেলে প্রাপ্তি (১৫) টঙ্গীর মধুমিতা সড়কের আরিচপুর এলাকায় তার বান্ধবীর (১৮) বাড়ি বেড়াতে যায়। এরপর ওই দিন মধ্যরাতে অ্যাম্বুলেন্সযোগে প্রাপ্তির লাশ তাদের বাড়িতে আসে।বান্ধবীর পরিবারের ভাষ্যমতে, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই বান্ধবী মিলে চারতলা বাড়ির ছাদে ওঠে। এ সময় খেলার ছলে প্রাপ্তি ওই বাড়ির ছাদ থেকে পাশের আরেকটি বাড়ির ছাদে লাফিয়ে যেতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে প্রাপ্তির পরিবারের দাবি, এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। কেননা, প্রাপ্তির আহত হওয়া বা পরে মৃত্যুর খবর তাদের দেওয়া হয়নি। এমনকি অ্যাম্বুলেন্সযোগে লাশ আনার পর কাউকে কিছু না বলেই সেখান থেকে সটকে পড়ে বান্ধবীর বাড়ির লোকজন। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সের লোকজন তাদের খবর দেয়। বান্ধবীর বাড়ির লোকজন এভাবে বিষয়টি চেপে রাখায় তাদের সন্দেহ হয়। পরে এ ঘটনায় টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রাপ্তির চাচা মো. মাসুম। মাসুমের দাবি, প্রাপ্তিকে হত্যা করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, গতকাল সকালে মামলার দুই আসামি প্রাপ্তির বান্ধবী ও তার বাবাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হওয়া যেতে পারে।ওসি আরও জানান, মাস দেড়েক আগে হঠাৎ করে কাউকে কিছু না বলে প্রাপ্তি ও তার বান্ধবী কক্সবাজারে চলে গিয়েছিল। তিন দিন পর তারা বাড়ি ফেরে। প্রাপ্তি একটু ভিন্নভাবে চলাচল করতে পছন্দ করত। সে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।