বান্ধবীর ভাইয়ের ছুরিকাঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে তাঁর ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শফিউল্লাহ (২২) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গতকাল রোববার দুপুরে রাজধানীর কদমতলী থানাধীন স্মৃতিধারা আবাসিক এলাকার জাপানি বাজারসংলগ্ন একটি বাড়ির তৃতীয় তলার সিঁড়ি থেকে শফিউল্লাহর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই বাড়ির ষষ্ঠ তলায় শফিউল্লাহর বান্ধবী থাকেন। বান্ধবীর কলেজপড়ুয়া ভাই মাহমুদুর রহমানের ছুরিকাঘাতে শফিউল্লাহর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুর ও তাঁর বোনকে আটক করা হয়েছে। মাহমুদুর দনিয়া কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আর তাঁর বোন কবি নজরুল কলেজের সম্মান শ্রেণীর ছাত্রী।
ওই তরুণী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শফিউল্লাহ তাঁদের (তরুণীর) বাসায় যান। ঘণ্টা খানেক পর তাঁর ছোট ভাই মাহমুদুর বাসায় ঢুকে শফিউল্লাহকে দেখে খেপে যান। মাহমুদুর বাসার রান্নাঘর থেকে ছুরি নিয়ে শফিউল্লাহকে এলোপাতাড়ি আঘাত করেন। আহত-রক্তাক্ত শফিউল্লাহ সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে তৃতীয় তলায় সিঁড়িতে পড়ে যান।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় তলার সিঁড়ি থেকে শফিউল্লাহর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক তরুণী তাঁর সঙ্গে শফিউল্লাহর প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন। বাবা-মা ও ছোট ভাই বাসায় না থাকায় ওই তরুণী শফিউল্লাহকে বাসায় ডেকে আনেন বলে পুলিশকে জানিয়েছেন।
এদিকে নিহত শফিউল্লাহর বড় বোন আসমা বেগম জানান, তাঁর ভাই কদমতলীর চেয়ারম্যানবাড়ি এলাকায় থাকতেন। খবর পেয়ে তিনি মর্গে গিয়ে ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। তবে তাঁরা ওই মেয়েটির সঙ্গে শফিউল্লাহর কোনো সম্পর্কের কথা আগে জানতেন না বলে জানান।