বাপ-দাদার ভূমি ফেরত চান ভারত প্রত্যাগত শরণার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল হওয়া বাপ-দাদার ভূমি ফেরত চেয়েছেন ভারত থেকে ফিরে আসা আদিবাসী শরণার্থীরা। ভূমি ফিরে পেতে আর যাতে দুর্ভোগ পোহাতে না হয়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা। গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভারত প্রত্যাগত শরণার্থী গ্রাম পরিদর্শন করেন। এ সময় শান্তি লক্ষ্মীপুর ও মধ্য বোয়ালখালী গ্রামের আদিবাসীরা তাঁর কাছে এসব দাবি জানান।কমিশন চেয়ারম্যানকে সামনে পেয়ে শরণার্থীরা ভূমি হারানোর দুঃখ ও জবরদখলকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শান্তি লক্ষ্মীপুর গ্রামের শদানন্দ চাকমা (৬৫) কমিশনের চেয়ারম্যানকে বলেন, ‘অনেক সান্ত্বনার বুলি শুনেছি, কিন্তু জমি ফেরত পাইনি। এ পর্যন্ত অনেক কাগজপত্র জমা দিয়েছি, তবু কাজ হয়নি। যে এলাকায় ওই জমি, সেখানে যেতেও পারি না।’অশ্বিনী কুমার চাকমা (৫৯) বলেন, ‘ভূমি কমিশন কী, সেটাই তো জানি না। আজ জানতে পারছি।’ মঙ্গল রঞ্জন চাকমা (৬২) অভিযোগ করেন, মধ্য বেতছড়ি এলাকায় বাপ-দাদার ভিটেবাড়ি এখনো তিন বাঙালি জবর দখল করে রেখেছে। সুরনাথ চাকমা অভিযোগ করে বলেন, ‘৩০ নম্বর বড় মেরুং মৌজার ৭৮ নম্বর হোল্ডিংভুক্ত আমার ছয় একর জমি অন্যরা দখল করে আছে। আদালতে মামলা করে অনুকূলে রায় পেলেও জমি এখনো ফেরত পাইনি।’কমিশন চেয়ারম্যান বলেন, ‘আপনাদের অভিযোগ আছে বলেই বিষয়টি দেখতে এখানে এসেছি। আপনারা শুধু একটি সাদা কাগজে দখলকারীর নামে কমিশনে অভিযোগ করুন, কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।’ তিনি বলেন, ‘ভূমি সমস্যা সমাধানে আপনারা কমিশনে আসুন, অভিযোগ জানান।’এর আগে বেলা ১১টায় খাদেমুল ইসলাম চৌধুরী দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ভূমির সুনির্দিষ্ট হিসাব কারও কাছেই নেই। খাস জমির পরিমাণ কত, বন্দোবস্ত দেওয়া জমির পরিমাণ কত, এর হিসাব জেলা প্রশাসকের কার্যালয়ে নেই। পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি করতে হলে অবশ্যই জরিপ করতে হবে। জরিপ ছাড়া ভূমি বিরোধ নিষ্পত্তি সম্ভব নয়। জরিপ হলে অবৈধ বন্দোবস্তি, জবর দখলসহ ভূমির সঠিক চিত্রটি পাওয়া যাবে। এ জন্য আমি মৌজা প্রধান ও কার্বারিদের সম্পৃক্ত করে জরিপ করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। কারণ পার্বত্য চট্টগ্রামের ভূমি সম্পর্কে মৌজা প্রধান ও কার্বারিরা ভালো জানেন।’এ সময় কমিশনের সচিব আবদুল হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গিয়াস উদ্দিন মোঘল, উপজেলা চেয়ারম্যান ধম্মবীর চাকমা, ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা ও ভারত প্রত্যাগত শরণার্থী রেশন বিতরণ কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।