বাপার গোলটেবিলে ধানমন্ডি মাঠের বাণিজ্যিকীকরণ বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি মাঠের বাণিজ্যিকীকরণ বন্ধ এবং মাঠটিকে ঘিরে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এ জন্য ধানমন্ডি এলাকার বাসিন্দাসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ‘ধানমন্ডি মাঠ এলাকাবাসীর জন্য উন্মুক্ত রাখার উপায় কী?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়। বাপা গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, ‘মাঠ ও উন্মুক্ত স্থান দখল করে আমরা আমাদের উন্মুক্ত মনকেই ধ্বংস করছি। এর ফলে তৈরি হচ্ছে ইভ টিজিংয়ের মতো সামাজিক ব্যাধি।’ গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, কিছু বিত্তশালী ব্যক্তির লোভের কারণে ধানমন্ডি আবাসিক এলাকাটি বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হতে চলছে। একটি মহল এখন সেখানে ঢাকা ও গুলশান ক্লাব বানিয়ে নানা অনাচার করতে চায়। বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘কোটিপতি ও জুয়াড়িদের বঙ্গবন্ধুর পরিবারের স্মৃতি রক্ষার দরকার নেই। সেটি এ দেশের জনগণই অতীতে করেছে এবং ভবিষ্যতেও করবে।’ ধানমন্ডি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার ফিরোজ উদ্দিন বলেন, ধানমন্ডি মাঠটিকে যারা নিজেদের ভোগের জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সাদমান ইকবাল নামের এক কিশোর বলে, ‘আমরা ইটের প্রাচীর চাই না, আমরা নির্বিঘ্নে খেলার সুযোগ চাই।’