বাপার সমাবেশে ডেমরার জলাশয়ে আবাসিক প্রকল্প বাতিলের দাবি
মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপভুক্ত ডেমরার ‘ছোটদীঘি জলাশয়’, মাঠ ও কবরস্থানে আবাসিক প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশ থেকে এ দবি জানানো হয়। সমাবেশে নেতারা অবিলম্বে ড্যাব বাস্তবায়ন এবং ড্যাপভুক্ত সব জলাশয়ে ভরাট-দখল ও নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ডেমরার ২ নম্বর ওয়ার্ডের ‘ছোটদীঘি জলাশয়’ এলাকাবাসীর পানির জোগান দিচ্ছে। এর এক পাশে খেলার মাঠ, অন্য পাশে কবরস্থান। ‘বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমিতি’ নামের একটি প্রতিষ্ঠান এ জলাশয় ভরাট করে বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করছে। তারা জলাশয় ভরাটও শুরু করেছিল। আদালত এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।বক্তারা অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের সময় শিল্পকারখানা স্থাপন করার কথা বলে এই জমি অধিগ্রহণ করা হয়। পরে ওই সমিতিরি কাছে তা বিক্রি করে দেওয়া হয়। বক্তারা ওই বিক্রির দলিল বাতিলের দাবি জানান।বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, ডেমরা ছোটদীঘি এলাকার অধিবাসী আবু তাহের, সিরাজুল হক প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।