বাপেক্সকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানিকে (বাপেক্স) আগামী বছর স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সীমিত সম্পদ ও জনবল সত্ত্বেও বাপেক্স দেশের খনিজ সম্পদ আবিষ্কার ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় কমিটি এই সুপারিশ করেছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির এই সভা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মইন উদ্দীন খান বলেন, ‘হাজারো সমস্যার মধ্যেও বাপেক্স দেশের খনিজ সম্পদ উত্তোলনে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটির জনবল ও সম্পদের সীমাবদ্ধতা আছে। তার পরও তারা যা করছে, সে জন্য তাদের স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।’সূত্র জানায়, বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন মইন উদ্দীন খান। কমিটির অন্য সদস্যরা প্রস্তাবটি গ্রহণ করেন। বৈঠকে বিদেশে কর্মরত দেশীয় জ্বালানি বিশেষজ্ঞদের সরকারি উদ্যোগে ফিরিয়ে এনে বাপেক্সকে শক্তিশালী করার সুপারিশ করা হয়। বাপেক্সকে শক্তিশালী করতে কী পদক্ষেপ নেওয়া যায়, সে সম্পর্কে প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়। বৈঠকে দেশের জ্বালানি তেলের ডিপো চট্টগ্রামের পতেঙ্গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, মইন উদ্দীন খান, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন।