
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, তেল ও গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে এই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির অংশীদারত্ব থাকতে হবে। তিনি বলেন, তেল-গ্যাস উত্তোলন ও উৎপাদনে নিজেদের সামর্থ্য অর্জনে প্রকৌশলী ও কর্মকর্তাসহ এর জনশক্তিকে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে কাজের সুযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে বাপেক্স ভবন উদ্বোধন এবং শেরবাংলা নগরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া ও সাংসদ আসাদুজ্জামান খান কামাল বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর। প্রধানমন্ত্রী প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে বলেন, আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণকে আলোকিত করা। তিনি বলেন, ‘আমাদের আরেকবার জাতির সেবা করার সুযোগ দেওয়া হলে আমরা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়ে দেশ ও জনগণকে আলোকিত করব।’ তিনি বলেন, তাঁর সরকার দেশের বিদ্যুতের উৎপাদনক্ষমতা নয় হাজার ৭১৩ মেগাওয়াটে উন্নীত করেছে। মোট চার হাজার ৪৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ছয় হাজার ৪১৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। তিনি বলেন, সর্বোচ্চ ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এবং দেশের ৬২ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশ শিগগিরই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করবে।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে বর্তমান সরকার গ্যাসের সর্বোচ্চ ব্যবহারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ লক্ষ্য অর্জনে ২০০১ সালে গ্যাস রপ্তানির জন্য মুচলেকা দিতে তাঁর সরকার রাজি হয়নি। তিনি বলেন, রাজশাহী ও ভোলা শহরে গ্যাস সরবরাহ করা হয়েছে। কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও খুলনায় গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা ও পুরস্কৃত করেছে।