বাপেক্সের জন্য সাতটি তেল-গ্যাস ব্লক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)’-এর জন্য স্থলভাগের সাতটি নতুন তেল-গ্যাস ব্লক ও দুটি নতুন এলাকা বরাদ্দ দিয়েছে। গত বুধবার সরকারের এই সিদ্ধান্ত বাপেক্সকে জানিয়ে দেওয়া হয়। এর ফলে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানিটির কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত হলো। কোম্পানিটির সমৃদ্ধ হয়ে ওঠার সুযোগও বৃদ্ধি পেল।
এর আগে দেশের স্থলভাগের ২৮টি ব্লকের মধ্যে বাপেক্সের জন্য বরাদ্দ ছিল মাত্র দুটি। এর একটি গাজীপুর, শেরপুর, জামালপুর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর এবং অপরটি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত ১১ নম্বর ব্লক। এ ছাড়া ভোলার শাহবাজপুর, পাবনার মোবারকপুর, নোয়াখালীর সুন্দলপুর ও বেগমগঞ্জ, নেত্রকোনা-সুনামগঞ্জের সুনেত্রসহ ১৭টি নির্দিষ্ট (রিং ফেঞ্চড) এলাকা বাপেক্সের জন্য বরাদ্দ ছিল।
বাপেক্সের জন্য নতুন বরাদ্দ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানি-বিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম প্রথম আলোকে বলেন, এটা অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। বাপেক্স আগামী পাঁচ বছরের কাজের যে পরিকল্পনা করেছে, তার জন্য জায়গা তো লাগবেই। এখন এই জায়গাগুলোর সম্ভাবনা দেখে দ্রুত অনুসন্ধান চালাতে হবে। এ জন্য বাপেক্সকে আর্থিক সহায়তাও দিতে হবে।
নতুন যে সাতটি ব্লক বাপেক্সকে দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ৩-বি, ৬-বি, ৭, ১০ ১৫, ২২-এ এবং ২২-বি নম্বর ব্লক। এর মধ্যে ৩-বি পাবনা অঞ্চল নিয়ে গঠিত। ৬-বি গঠিত গোপালগঞ্জ-শরীয়তপুর নিয়ে। ৭ নম্বর ব্লকটি বরিশাল-পটুয়াখালী অঞ্চল নিয়ে গঠিত। ১০ নম্বরটি সমগ্র ভোলা দ্বীপ নিয়ে। এর আগে সেখানকার শুধু শাহবাজপুর এলাকাটি বাপেক্সের জন্য বরাদ্দ ছিল। ১৫ নম্বর ব্লকের অবস্থান বৃহত্তর নোয়াখালী অঞ্চল। ২২-এ এবং ২২-বি ব্লক দুটি চট্টগ্রামের পূর্বাংশ থেকে সমগ্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে গঠিত।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বিষয়টিকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করে বলেন, নতুন বরাদ্দ দেওয়া ব্লকগুলোর মধ্যে ৩-বি, ১০, ২২-এ এবং ২২-বি তেল-গ্যাসের জন্য সম্ভাবনাময় বলে বিবেচিত। এসব ব্লকের এক বা একাধিক স্থানে ইতিমধ্যে ভূকম্পন জরিপ চালিয়ে এই সম্ভাবনার কথা জানা গেছে। ৬-বি ও ৭ নম্বর ব্লকে অবশ্য এখন পর্যন্ত প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হয়নি। তবে বাপেক্সের পরিকল্পনার মধ্যে তা রয়েছে। তিনি বলেন, ব্লক বরাদ্দ দেওয়ার পাশাপাশি বাপেক্সকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে হবে। বাপেক্সে জনবলের অভাবও তীব্র, বিশেষ করে কারিগরি জনবলের। এসব বিষয়ের সুরাহা করতে হবে। সর্বোপরি বাপেক্সকে কাজ করার স্বাধীনতা দিতে হবে। কোনো একটি জরুরি কাজ করতে বাপেক্সের যদি সরকারি সিদ্ধান্তের জন্য ছয় মাস অপেক্ষা করতে হয়, তাহলে বেশি দূর অগ্রসর হওয়া কঠিন।
এ ছাড়া ৯ নম্বর ব্লকে উৎপাদন-অংশীদারত্ব চুক্তির (পিএসসি) অধীনে কর্মরত বিদেশি কোম্পানির ছেড়ে দেওয়া এলাকাও বাপেক্সকে বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এই এলাকার অন্তর্ভুক্ত। বৃহত্তর সিলেটের ১২, ১৩ ও ১৪ নম্বর ব্লকে কর্মরত বিদেশি কোম্পানির এলাকা ছাড়া অন্যান্য সম্ভাবনাময় স্থানে অনুসন্ধান ও উত্তোলনের জন্য অবশ্য বাপেক্সের পাশাপাশি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি (বিজিএফসিএল) এবং সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানিকেও (এসজিএফএল) বরাদ্দ দেওয়া হয়েছে। এই এলাকা বাপেক্স এককভাবে চাইলেও তা দেওয়া হয়নি।
নতুন ব্লক বরাদ্দ পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান প্রথম আলোকে বলেন, এটা বাপেক্সের জন্য অবশ্যই আশাব্যঞ্জক। এতে বাপেক্সের কাজের পরিধি যেমন বাড়বে, তেমনি বাড়তি কাজ সম্পন্ন করার জন্য দায়িত্বও বাড়বে। তবে বাপেক্স দেশের স্থলভাগে এককভাবে অনুসন্ধান কাজ চালানোর সামর্থ্য বাপেক্সের আছে।
দেশের স্থলভাগের ২৮টি ব্লকের অধিকাংশ এলাকাই তেল-গ্যাস অনুসন্ধানের বাইরে। বর্তমানে পিএসসির অধীনে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন তিনটি এবং ক্রিস এনার্জি-নাইকো একটি ব্লকে কর্মরত আছে। বাপেক্স আছে দুটি ব্লকে। এ ছাড়া সরকারি খাতের বিজিএফসিএল এবং এসজিএফএল বিদ্যমান ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন করছে।