বাপেক্সের জরিপের ফল আসতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স সরকারি কোম্পানির পরিচালনাধীন গ্যাসক্ষেত্রগুলোতে যে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়েছিল, তার ফল আসতে শুরু করেছে। বাপেক্সের ওই জরিপের তথ্য অনুযায়ী, রশিদপুর গ্যাসক্ষেত্রে খনন করা কূপে (রশিদপুর-৮) গ্যাস পাওয়া গেছে।
গত শুক্রবার রশিদপুরের এ কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।বাপেক্স ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরুও করেছিল এ রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে।ওই জরিপে পাওয়া তথ্য অনুযায়ী বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ কূপ খননের স্থান নির্ধারণ করে দেন। কূপটি খনন করেছে রাশিয়ার কোম্পানি গাজপ্রম।
জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, এ কূপটিতে গ্যাস পাওয়ায় বাপেক্সের ওই জরিপের নির্ভুলতা সম্পর্কে সবাই নিশ্চিত হয়েছেন।কূপটিতে পাওয়া গ্যাসের শিলাস্তর প্রায় ২২ মিটার পুরু। সেখান থেকে প্রতিদিন দুই কোটি (২০ মিলিয়ন) ঘনফুট করে গ্যাস তোলা যাবে।