বাপের বাড়ি ফেরা হলো না নববধূর
মেয়ের বিয়ে উপলক্ষে রোববার যে বাড়ি ছিল আনন্দমুখর, আত্মীয়স্বজনে ভরপুর। এক দিন পরই সেই বাড়িতে চলে শোকের মাতম, স্বজনদের আহাজারি। কারণ, পরদিন ওই নববধূ বাড়িতে ফিরেছেন লাশ হয়ে। বাসচাপায় তিনি ও তাঁর স্বামীর ভগ্নিপতি প্রাণ হারিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ফিডমিলের কাছে গত সোমবার ঘটে এ দুর্ঘটনা। নিহত ওই নববধূর নাম সাবিনা ইয়াসমিন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী খলিল শেখের মেয়ে ও একই উপজেলার হাকিম কাজীর ছেলে মোকসেদ কাজীর স্ত্রী। দুর্ঘটনায় নিহত মোকসেদ কাজীর ভগ্নিপতির নাম জুলহাস।স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিনা ইয়াসমিনের সঙ্গে রোববার মোকসেদ কাজীর বিয়ে হয়। বিয়ের পরদিন সোমবার সাবিনাকে সঙ্গে নিয়ে মোকসেদ কাজী তাঁর কয়েকজন আত্মীয়সহ একটি অটোবাইকে করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিলের কাছে এলে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি পরিবহন বাস অটোবাইকটি চাপা দেয়। গতকাল সকালে সাবিনা ইয়াসমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজন ও এলাকাবাসীতে ভরে গেছে পুরো বাড়ি। এ সময় সাবিনার মা আন্না খাতুন ঘরের বারান্দায় বারবার মূর্ছা যাচ্ছিলেন। সাবিনার বাবা খলিল শেখ বাড়ির বাইরে গাছতলায় বাকরুদ্ধ হয়ে বসে ছিলেন। এ সময় সাবিনার মা চিৎকার করে বলেন, ‘তোরা আমার সাবিনাকে আইনা দে। ওরে তোরা কী করলি, ওর কপালে স্বামীর সংসার করা হইল না। আমার সাবিনার হাতে মেন্দির (মেহেদি) দাগ এক দিনও পার হইল না।’