বাফার গুদাম ও ব্যাংক হিসাব না থাকায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলায় বাফার গুদাম ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় ডিলার ও ব্যবসায়ীদের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। প্রায় ৫০ কিলোমিটার দূরে গিয়ে সার আনতে অতিরিক্ত সময় ও অর্থের অপচয় হচ্ছে। এ কারণে জেলার কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।
জেলার সার ডিলার ও ব্যবসায়ীরা পঞ্চগড়ে বাফার গুদাম ও বিসিআইসির ব্যাংক হিসাব খোলার দাবি জানিয়ে বিসিআইসি, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সাংসদ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্র্রীয় কমিটির চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও তাঁদের সে দাবি পূরণ হয়নি।
বিএফএ পঞ্চগড় জেলা ইউনিটের সভাপতি মো. আবদুল হান্নান শেখ সার ডিলার ও ব্যবসায়ীদের পক্ষে লিখিত আবেদনে বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সার ডিলার ও ব্যবসায়ীদের জন্য ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ বাজার বাফার গুদাম নির্ধারণ করা হয়েছে। এতে পঞ্চগড় জেলার ডিলারদের জন্য সার উত্তোলন ও আনা-নেওয়া অনেক ঝুঁকিপূর্ণ। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়।
আবদুল হান্নান শেখ বলেন, ‘পঞ্চগড় জেলার ডিলাররা শিবগঞ্জ বাফার গুদাম থেকে সার উত্তোলন করতে চান না। কৃষকেরাও এই সার কিনতে চান না। কারণ, উত্তোলনকৃত চায়না চিকন ও মোটা দানার সারের বস্তাগুলোর ৮০ ভাগই ওজনে কম, ছেঁড়া, ফাটা বস্তা এবং জমাট বাঁধা হলুদ ও ময়লা প্রকৃতির হয়। উত্তোলনকৃত প্রায় এক হাজার ১০০ মেট্রিক টন সার আমার গুদামেও অবিক্রীত অবস্থায় মজুত আছে। এ ছাড়া শিবগঞ্জ সার উত্তোলন করে ট্রাকের সিরিয়াল পেতে দু-তিন দিন সময় লাগে। তাঁদের অতিরিক্ত পরিবহন খরচও দিতে হয়। এতে করে কৃষক ও ডিলার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ কারণে কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না।’
তেঁতুলিয়া উপজেলার সার ডিলার খোরশেদ আলম ও বোদা উপজেলার মোকছেদ আলী জানান, পঞ্চগড় জেলায় বিসিআইসির ব্যাংক হিসাবও নেই। শিবগঞ্জ বাফার গুদাম থেকে সার উত্তোলন করতে নগদ টাকা নিয়ে ৫০-৬০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও উত্তরা ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করতে হয়। টাকা নিয়ে যাতায়াত করাও অনেক ঝুঁকিপূর্ণ। এ জন্য পঞ্চগড়ে বিসিআইসির ব্যাংক অ্যাকাউন্ট খোলার দাবি জানান তাঁরা।