বাফার গুদাম থেকে নিম্নমানের সার উত্তোলন বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল বুধবার থেকে সারের ডিলাররা আপৎকালীন মজুত গুদাম (বাফার) থেকে সার উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছেন। ওজনে কম ও ব্যবহার অনুপযোগী সার সরবরাহ করার অভিযোগ তুলে ডিলাররা এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বেলা ১১টায় শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকায় জেলার বাফার গুদাম চত্বরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। সংগঠনের জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, দুই বছর ধরে বগুড়ার বাফার গুদাম থেকে ডিলারদের ছেঁড়াফাটা বস্তায় পাথরের সমান জমানো, শক্ত, ময়লা ও ওজনে কম দিয়ে সার সরবরাহ করা হচ্ছে। এসব সার নিতে ডিলাররা অপারগতা প্রকাশ করলেও তাঁদের ওপর একপ্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি জেলার সার মনিটরিং কমিটির সভায় আলোচনা হয়েছে। বিসিআইসিকেও জানানো হয়েছে। তার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আগের সমস্যার সঙ্গে নতুন সমস্যা যুক্ত হয়েছে। তা হলো নতুন বস্তার ভেতর রোলার মেশিন দিয়ে ভাঙা অদানাদার ইউরিয়া সার। জমানো এসব সার মাটিতে ফেলে দিলেও ভাঙে না। চাষিরা এসব সার ফিরিয়ে দিচ্ছেন। এ ব্যাপারে বগুড়ার বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, চলতি মাসে আসা এক হাজার টন সার ব্যবহার অনুপযোগী মনে হয়েছে। এ কারণে ৩৫০ মেট্রিক টন সার সরবরাহ করার পরে বাকিগুলো আলাদা করে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ১৯ ফেব্রুয়ারি বিসিআইসির মহাব্যবস্থাপককে চিঠি দিয়ে জানিয়েছেন। আগের মজুত করা সার থেকে সার না দিয়ে এই মাসে আসা খারাপ বলে চিহ্নিত সার কেন ডিলারদের দেওয়া হলো, তার কোনো জবাব তিনি দিতে পারেননি।