বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাফার গুদাম থেকে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার লোপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ বিষয়ে জানতে গেলে বাফার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) নবীর উদ্দীন তথ্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যহার করেন।
বাফার গুদাম থেকে জানা গেছে, ওই গুদামে সারের ধারণক্ষমতা ২২ হাজার মেট্রিক টন। এই গুদাম থেকে নওগাঁর ১১টি উপজেলায় ইউরিয়া সরবরাহ করা হয়। বছরের প্রায় সব সময় বাফার গুদামে আপৎকালীন সময়ের জন্য সার মজুত রাখা হয়।
সারের ডিলাররা জানান, নওগাঁয় প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হওয়ায় সরকার সব সময় গুদামটিতে পর্যাপ্ত সার মজুত রাখে। কিন্তু এ বছর রাজনৈতিক সহিংসতার কারণে পরিবহন ব্যাহত হওয়ায় গুদামে সারের মজুত কমে আসে। মজুত কমে যাওয়ায় গুদামের দাপ্তরিক হিসাবের সঙ্গে গুদামে রাখা সারের ব্যাপক পার্থক্যের বিষয়টি ধরা পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার জানান, এই গুদাম থেকে এক হাজার মেট্রিক টনের বেশি সার লোপাট হয়ে গেছে।
তবে মজুতের প্রকৃত তথ্য জানতে গত সোমবার দুপুরে ওই গুদামে গেলে পরিচয় দেওয়ার পরও নবীর উদ্দীন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তিনি আনসার সদস্যদের সাংবাদিকদের বের করে দিতে বলেন। এ সময় গুদামের শ্রমিকেরা পরিস্থিতি শান্ত করেন। পরে নবীর উদ্দীনের দুর্ব্যবহারের বিষয়টি সাংবাদিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
গুদাম-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্রুত গুদাম সিলগালা করে হিসাব করলে সার লোপাটের প্রকৃত তথ্যে বের হয়ে আসবে।
এ বিষয়ে নবীর উদ্দীনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো কথা বলেননি।
তবে গুদামে বর্তমানে সারের মজুত বিষয়ে বিসিআইসির মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) জাকির হোসেন জানান, গত সোমবার পর্যন্ত গুদামে ইউরিয়ার মজুত রয়েছে ১৫ হাজার ৮৭৭ মেট্রিক টন।
বিসিআইসি চেয়ারম্যান মনসুর আলীর (এমডিসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।