বাবর, নিজামীসহ নতুন আসামিরা চট্টগ্রামে, কাল শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার নয় আসামিকে ঢাকা থেকে গতকাল শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর এই মামলার শুনানি শুরু হবে কাল সোমবার। জানা গেছে, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামিদের আনার কারণে চট্টগ্রাম কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ১০ ট্রাক অস্ত্র আটক ও বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ার পর এই প্রথম নতুন ১১ আসামির মধ্যে নয়জনকে আদালতে হাজির করা হচ্ছে। প্রায় সাড়ে তিন বছর তদন্ত শেষে পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি) গত ২ জুন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে।আদালত সূত্র জানায়, নতুন ১১ আসামির মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন এখনো পলাতক। বাকি নয় আসামি হলেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন তালুকদার ও একই প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি হিসেবে ইতিপূর্বে তাঁদের চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছিল। জানা গেছে, নয় আসামিকে ভাগ ভাগ করে চট্টগ্রামের কারাগারে আনা হয়। বাবর ঢোকেন রাত সাড়ে নয়টায়। এর আগে ঢোকানো হয় নিজামী, রহিম, রেজ্জাকুলসহ অন্যদের। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার আলতাফ হোসেন ১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামিদের কারাগারে গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, আদালতে অভিযোগপত্র দাখিলের পর এই প্রথম নতুন আসামিসহ সব আসামিকে সোমবার আদালতে উপস্থাপন করা হবে। এ জন্য যারা চট্টগ্রামের বাইরের কারাগারে ছিলেন, তাঁদের সবাইকে চট্টগ্রামে আনা হয়েছে।